২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন হিলারি

পরপর আটটি রাজ্যে হেরে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার ওপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অপর মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

সিনসিনাটি, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরপর আটটি রাজ্যে হেরে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার ওপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অপর মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি তার সেলিব্রেটি ইমেজের কারণে শুরু থেকেই বাড়তি সুবিধা ভোগ করে আসলেও এখন লাগাতার পরাজয়ের মধ্য দিয়ে ওবামার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে অস্বস্তিতে পড়ে গেছেন। তাই এখন ওবামাকে কঠোর ভাষায় সমালোচনা করতেও ছাড়ছেন না হিলারি। হিলারি চাইছেন আগামী মঙ্গলবার উইসকনসিন ও হাওয়াই এবং ৪ মার্চ টেক্সাস ও ওহাইও-তে ভোটে জিতে নিজেকে এগিয়ে নিতে। এ জন্য তিনি এবার নজর দিয়েছেন মধ্যবিত্ত শ্রেণীর ভোটারদের দিকে। শুক্রবার এক নির্বাচনী প্রচারাভিযানে হিলারি নিজেকে মধ্যবিত্ত ভোটারদের প্রতিনিধি দাবি করে বলেছেন, ভোটারদের এবার বক্তৃতাবাজী ও কাজের মধ্যে একটিকে বেছে নিতে হবে। সিনসিনাটির একটি প্রসিদ্ধ রেস্তোরা 'স্কাইলাইন চিলি' পরিদর্শনের সময় হিলারি বলেন, "আমেরিকার মধ্যবিত্তদের জন্য আমি মধ্যবিত্ত শ্রেণীর প্রার্থী।" তিনি জানান, শিকাগোর একটি উপশহরের মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। এরপর পড়াশুনা করেছেন ওয়েলেসলি কলেজ এবং ইয়েল ল' স্কুলে। হিলারি তার নির্বাচনী প্রচারাভিযানে প্রায়ই উল্লেখ করেন, পড়াশুনা চালানোর জন্য তিনি সরকারি ঋণের ওপর কতটা নির্ভরশীল ছিলেন। ৯০ দিনের গৃহঋণ আবেদন সুরাহার প্রস্তাব, ক্রেডিট কার্ডের সুদ কমানো এবং যে সমস্ত কোম্পানি বিদেশে চাকরির ব্যবস্থা করে তাদের কর সুবিধা কমানোর ওপর জোর দেন নিউ ইয়র্কের সিনেটর হিলারি। তিনি বলেন, "আমরা কর আইন পরিবর্তন করব। ওয়াল স্ট্রিটের একজন বিনিয়োগ ব্যবস্থাপক বছরে ৫০ মিলিয়ন ডলার উপার্জন করেও বছরে মাত্র ৫০ হাজার ডলারের মত আয় আয় করা একজন শিক্ষক, নার্স, ট্রাকচালক কিংবা অটোচালকের চেয়ে কম হারে কর দেন। এটা ঠিক নয়।" জনসমাবেশে ওবামার বক্তৃতায় পারদর্শীর বিষয়টিকে আক্রমণ করে হিলারি বলেন, তিনি কাজের চেয়ে শুধু কথাই বেশি বলতে পারেন। হিলারি বলেন, "এই বাছাই পর্বে ওহাইও ভোটারদের সামনে সুযোগ থাকছে। আপনারা চাইলে গলাবাজী অথবা সমস্যার সমাধান দুটোর যেকোনো একটা বেছে নিতে পারেন।" একটি জরিপের ফলাফলে টেক্সাসে ওবামা জনসমর্থনের দিক দিয়ে হিলারির চেয়ে ৬ শতাংশ এগিয়ে আছেন বলে জানানোর পর হিলারি ওবামাকে লক্ষ্য করে এভাবেই আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করছেন। আমেরিকান রিসার্চ গ্র"পের ওই জরিপ মতে হিলারি পেয়েছেন ৪২ শতাংশ জনসমর্থন যেখানে তার প্রতিদ্বন্দ্বী ওবামা পেয়েছেন ৪৮ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৫০ ঘ.