২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সোমবার নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় রাজনীতিকরা

কাল বাদে পরশু সোমবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। দেশটির ইতিহাসে এবারই প্রথম একইদিনে একসঙ্গে 'জাতীয় পরিষদ' এবং 'প্রাদেশিক পরিষদ' এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযানের সময়সীমা শেষ হওয়ায় ভোটারদের সমর্থন আদায়ের জন্য শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দেশটির রাজনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাল বাদে পরশু সোমবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। দেশটির ইতিহাসে এবারই প্রথম একইদিনে একসঙ্গে 'জাতীয় পরিষদ' এবং 'প্রাদেশিক পরিষদ' এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযানের সময়সীমা শেষ হওয়ায় ভোটারদের সমর্থন আদায়ের জন্য শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দেশটির রাজনীতিকরা। ১৮ ফেব্র"য়ারির এ নির্বাচনকে পাকিস্তানে সামরিক শাসন থেকে পূর্ণ বেসামরিক শাসনে যাত্রা শুরুর গুরুত্বপূর্ণ ধাপ মনে করা হচ্ছে। তবে দেশটিতে লাগাতার সহিংসতা এবং অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। বিরোধী দলগুলোও নির্বাচনে জালিয়াতি হতে পারে বলে আশংকা জানিয়ে আসছে। পাকিস্তানে একটি নতুন পার্লামেন্ট গঠন এবং প্রাদেশিক পরিষদের এ নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ অংশ নিচ্ছেন না। এমন অবস্থায় এ নির্বাচনে ভোটাররা মুশাররফের বিপক্ষের শক্তিগুলোকে সমর্থন দিলে তা তার ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারে । ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড এবং এ ঘটনার আগে-পরের বিভিন্ন সহিংস ঘটনার মধ্য দিয়ে সৃষ্ট এক অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। তবে অনেক পাকিস্তানিই এখন আসন্ন নির্বাচনের চেয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির ঘাটতি ও ক্রমবর্ধমান মূল্য নিয়েই বেশি উদ্বিগ্ন। এছাড়া, অনেকেই দেশটির সকল রাজনীতিকের প্রতিই আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাদেরই একজন পাঞ্জাব প্রদেশের সাব্বোকি শহরের এক চালের দোকানের শ্রমিক মোহাম্মাদ আব্বাস। তিনি বলেন, "এই দেশের পরিবর্তন করা খুবই কঠিন। রাজনীতিকরা যা-ই করেন না কেন পরিবর্তনের জন্য করেন না। করেন নিজেদের জন্য।" আব্বাস জানান, নির্বাচনে তিনি ভোট দেবেন না। ক্ষমতায় টিকে থাকা নিয়ে প্রেসিডেন্ট মুশাররফের নানামুখী পদক্ষেপের কারণে সৃষ্ট কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গুলি ও বোমা হামলায় নিহত হওয়ার আগে পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির এ নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করেছিলেন। আর বেনজির হত্যাকাণ্ডের ফলে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক সহানুভূতি ভোট পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পিপিপি বা অপর দুটি প্রধান দল- মুশাররফ সমর্থিত পাকিস্তান মুসলিম লীগ এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল কেউই পার্লামেন্টে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রধান তিনটি বিরোধীদলের দুইটির মিলে একটি জোট হতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, বেনজিরের ওপর হামলা এবং অন্যান্য সহিংসতার কারণে রাজনীতিক এবং ভোটার উভয় পক্ষের মধ্যে ভীতির সঞ্চার হওয়ায় এ নির্বাচনে কম ভোট পড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ৮০ হাজার সেনা মোতায়েন করেছে। একইসঙ্গে সরকার সর্বমোট ৬৪ হাজার ভোট কেন্দ্রের ৩০ শতাংশকে "স্পর্শকাতর" এবং ১৪ শতাংশকে "সবচেয়ে স্পর্শকাতর" কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে। আফগান সীমান্তবর্তী সহিংস আদিবাসী এলাকার সবকটি (১,১২২টি) ভোট কেন্দ্রকেই "সবচেয়ে স্পর্শকাতর" হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বা আট কোটি ১০ লাখ লোক এ নির্বাচনে ভোট দিতে পারবেন। এদিকে, গ্যাল্যাপ পাকিস্তান জানিয়েছে, তারা এক জরিপ চালিয়ে দেখতে পেয়েছে যে ৫১ শতাংশ পাকিস্তানি ১৮ ফেব্র"য়ারির নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে সন্দেহ পোষণ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭২২ ঘ.