জাতিসংঘ, ফেব্র"য়ারি ১৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/রয়টার্স)- ইরিত্রিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষীদের খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকার। এছাড়া শান্তিরক্ষী বাহিনীকে সীমানা অতিক্রম করে ইথিওপিয়ায় যেতে দেওয়া হচেছ না। জাতিসংঘের এক মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন।
মুখপাত্র ম্যারি ওকাবি জানান, ইরিত্রিয়া শান্তিরক্ষী বাহিনীকে আর রাখতে চাচ্ছে না এবং জাতিসংঘের ছয়টির বেশি গাড়ি ইথিওপিয়ায় যেতে দেওয়া হয়নি ।
ওকাবি আরও জানান, শান্তিরক্ষীদের হুমকি দেওয়া হচেছ এবং খাদ্য সরবরাহকারী কোম্পানি জানিয়ে দিয়েছে তারা আর খাদ্য সরবরহ করবে না।
তিনি আরও জানান, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে ফাঁদে ফেলার জন্যই ইরিত্রিয়া ছয়টির বেশি গাড়ি সীমানা অতিক্রম করে ইথিওপিয়ায় যেতে দিচ্ছে না অথচ এদিকে আর মাত্র অল্প কয়েকদিনের খাদ্য মজুদ আছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরী বৈঠকে ইরিত্রিয়ার এই অসহযোগিতার নিন্দা জানিয়েছে। পরিষদ শান্তিরক্ষীদের নিরাপত্তার স্বার্থে সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।
ইরিত্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কর্মকর্তাদের অভিযোগ প্রত্যাখান করে বলছে জাতিসংঘ অহেতুক অভিযোগ করছে এবং শান্তিরক্ষা মিশনের সত্যিকার পরিস্থিতি লুকাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৪৪৫ঘ.
bdnews24