কুয়ালা লামপুর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ায় শনিবার ভারতীয় বংশোদ্ভুদের এক শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।
ন্যায়বিচারের দাবিতে লাল ও হলুদ গোলাপ নিয়ে রাজধানী কুয়ালা লামপুরে ভারতীয়রা ওই বিক্ষোভে যোগ দেয়। 'দ্য হিন্দু রাইটস অ্যাকশান ফোর্স' (হিন্দরাফ) এই বিক্ষোভের ডাক দেয়।
আগামী ৮ মার্চ মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন। এতে প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবির ক্ষমতাসীন জোট অল্প ব্যবধানে হলেও বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশটিতে বসবাসকারী অনেক ভারতীয়র অভিযোগ, মালয়দের নিয়ন্ত্রিত বাদাবির বহুজাতিক জোট জাতিগত বৈষম্যমূলক আচরণ করছে।
নির্বাচনের আগে রাজপথের বিক্ষোভ নিয়ে উদ্বেগের মধ্যে আছে মালয়েশিয়া সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার প্রায় তিনশ' ভারতীয় নারী-পুরুষ ও শিশু রাজধানীতে লাল-হলুদ গোলাপ হাতে বিক্ষোভ বের করে।
তারা প্রধানমন্ত্রী বাদাবিকে গোলাপগুলো দেওয়ার উদ্দেশ্যে পার্লামেন্ট অভিমুখে রওনা হয়। পথে পুলিশ তাদের আটকে দেয় এবং জনসমাবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
এ সময় পুলিশ ২০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বলে আয়োজকরা জানিয়েছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তারের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেননি।
ভারতীয়দের চাকরি ও শিক্ষার সুযোগ-সুবিধার দাবিতে গত নভেম্বর মাসে হিন্দরাফের ডাকে কুয়ালা লামপুরে বিক্ষোভ করে প্রায় ১০ হাজারের বেশি ভারতীয়। এর পর হিন্দরাফের পাঁচ নেতাকে আটক করা হয়। মালয়েশিয়ার অভ্যন্তরীণ আইনে তাদেরকে বিনাবিচারে গত পাঁচ মাস ধরে আটক রাখা হয়েছে।
কারাবন্দি ওই পাঁচ নেতার মুক্তির জন্য সরকারকে চাপ দেওয়াও ছিল শনিবারের এ বিক্ষোভের অন্যতম উদ্দেশ্য।
বিক্ষোভে অংশ গ্রহনকারী ৩০ বছর বয়সী প্রভাতী রামান বলেন, "আমি চাই ওই পাঁচজনকে মুক্তি দেওয়া হোক। আমি চাই সরকার আমাদের সমস্যার কথা শুনবে। প্রত্যেকেই জানে এখানে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। কিন্তু সরকার তা অস্বীকার করছে।"
বিক্ষোভের আয়োজক হিন্দরাফ জানিয়েছে, লাল গোলাপ শান্তি ও ভালবাসার প্রতীক। আর হলুদ গোলাপ হচ্ছে ন্যায়বিচার ও কারাবন্দি লোকদের মুক্তির দাবির প্রতীক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৩৫০ ঘ.
bdnews24