২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু

পূর্ব তিমুরের রাজধানী দিলির পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী এবং দেশটিতে মোতায়েন আন্তর্জাতিক বাহিনী এ অভিযান চালাচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

দিলি, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব তিমুরের রাজধানী দিলির পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী এবং দেশটিতে মোতায়েন আন্তর্জাতিক বাহিনী এ অভিযান চালাচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান একথা জানিয়েছেন। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা এবং প্রধানমন্ত্রী জানানা গুসমাওয়ের বাসভবনে গত সোমবার হামলা চালায় বিদ্রোহীরা। এতে প্রেসিডেন্ট হোর্তা গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন আছেন। তার অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে প্রধানমন্ত্রী গুসমাওয়ের ওপর চালানো হামলা ব্যর্থ হয় এবং বিদ্রোহী নেতা আলফ্রেডো রিইনাডো নিহত হন। শনিবার এক সংবাদ সম্মেলনে পূর্ব তিমুরের সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল তাউর মাতান রাউক বলেন, "আমরা জানি যে স্থানীয়রা বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। তাদের রক্ষা না করতে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। কারণ, বিদ্রোহীদের রক্ষা করতে যেয়ে তারাও নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।" সেনাপ্রধান বলেন, "সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সাহায্য করতে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। দুই বছর ধরে তারা আলফ্রেডোকে সমর্থন দিয়েছে। কিন্তু তারা কী পেয়েছে?" সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবারের ওই হামলায় জড়িত সন্দেহে ৩০ জনের বেশি লোককে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তারক্ষীরা। বিদ্রোহীদের ধরতে মানুষের ঘরে ঘরেও তল্লাশি শুরু করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১২১৯ ঘ.