অক্সফোর্ড, ইংল্যান্ড, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক ও আফগানিস্তানে 'ভুল' করার পরও গণতন্ত্র ছড়িয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব পালন থেকে পিছু হটবে না ব্রিটেন, প্রয়োজনে সামরিক বলপ্রয়োগেও দ্বিধা করবে না তারা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড মঙ্গলবার একথা বলেছেন।
মিলিব্যান্ড বলেন, "ইরাক ও আফগানিস্তান নিয়ে সংশয় এবং সেখানে যে ভুল হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগের বিষয়টা আমি বুঝি। কিন্তু আমার কথা হল ওসব নিয়ে বিভক্তি যেন আমাদের জাতীয় স্বার্থ ক্ষুন্ন না করে এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর আমাদের নৈতিক অবস্থানের ব্যত্যায় না ঘটায়।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এমন সব পরিস্থিতিও থাকবে যেখানে অবরোধ, নিষেধাজ্ঞা আরোপের মতো কঠিন শক্তিপ্রয়োগের প্রয়োজন হবে, প্রয়োজন হবে আন্তর্জাতিক অপরাধীদের বিচারের আওতায় আনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক বলপ্রয়োগেরও।"
তিনি বলেন, "কোনো কোনো ক্ষেত্রে চূড়ান্ত অবস্থায় কোনো রাষ্ট্র তাদের জনগণকে গণহত্যার হাত থেকে বাঁচাতে এবং জাতিগত সংঘর্ষ বন্ধে দায়িত্ব পালনে ব্যর্থ হলে মানবিক কারণেই সামরিক হস্তক্ষেপ অত্যাবশ্যক হয়ে ওঠে।"
এ ভাষণে চীন সম্পর্কেও ব্রিটেনের মনোভাব প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
মিলিব্যান্ড বলেন, "সংস্কার-পূর্ব অবস্থার চেয়ে চীনা সমাজ এখন অনেক গতিশীল, উচ্চকন্ঠ এবং বৈচিত্র্যময়।"
তিনি আরও বলেন," কিন্তু রাজনৈতিক অগ্রগতির পরবর্তী ধাপে উত্তরণের বিষয়ে চীনে এবং চীনের বাইরে বসবাসকারী চীনারা যথার্থই উদ্বিগ্ন। দলীয় কংগ্রেসে চীনা প্রেসিডেন্ট হু'র ভাষণেও এটা স্পষ্ট যে, গণতন্ত্রের বিষয়টি চীনের জনগণের মতোই চীনের নেতাদের জন্যও গুরুত্বপূর্ণ ইস্যু।"
বিশ্বের বিভিন্ন স্থানে প্রযুক্তি ও স্বাধীন গণমাধ্যমের উত্থানকে স্বাগত জানান মিলিব্যান্ড। এ প্রসঙ্গে তিনি উপসাগরীয় অঞ্চলে আল-জাজিরা ও আল-আরাবিয়া টিভি এবং ইরানে ব্লগারদের উত্থানের কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24