ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন। মঙ্গলবার রাজধানী ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রাইমারিতে ইলিনয়ের সিনেটর বারাক ওবামার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। এদিন প্রতিনিধিদের সমর্থনের দিক থেকে হিলারিকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ওবামা।
অন্যদিকে, রিপাবলিকান শিবিরের প্রার্থী মনোনয়ন প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে গেছেন অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন। মঙ্গলবার অুনষ্ঠিত ওই তিন রাজ্যের দলীয় নির্বাচনে তিনিও সহসাই পরাজিত করেছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে।
ডেমোক্র্যাট শিবিরের মঙ্গলবারের প্রাইমারির সর্বশেষ খবরে দেখা গেছে, ওয়াশিংটন ডিসিতে ওবামা- ৭৫ শতাংশ, হিলারি- ২৪ শতাংশ, মেরিল্যান্ডে ওবামা- ৬০ শতাংশ, হিলারি- ৩৭ শতাংশ এবং ভার্জিনিয়ায় ওবামা- ৬৪ শতাংশ, হিলারি- ৩৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।
অন্যদিকে, রিপাবলিকান শিবিরের মঙ্গলবারের নির্বাচনের সর্বশেষ খবের দেখা গেছে, ওয়াশিংটন ডিসিতে ম্যাককেইন- ৬৮ শতাংশ, হুকাবি- ১৭ শতাংশ, মেরিল্যান্ডে ম্যাককেইন- ৫৪ শতাংশ, হুকাবি- ৩০ শতাংশ এবং ভার্জিনিয়ায় ম্যাককেইন ৫০ শতাংশ ও হুকাবি ৪১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।
ওবামা মঙ্গলবার তিনটি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনে জয়ের মধ্য দিয়ে টানা আটটি অঙ্গরাজ্যে বিজয়ী হলেন। এর আগে গত শনি ও রোরবার অনুষ্ঠিত মেইনে, লুইজিয়ানা, নেব্রাস্কা, ওয়াশিংটন ও ভার্জিন আইল্যান্ডের নির্বাচনে বিজয়ী হন তিনি।
মঙ্গলবারের বিজয়ের পর দলীয় প্রচারাভিযান আরও জোরদার করেছেন ওবামা। রাতেই তিনি চলে যান উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে। সেখানে সমর্থকদের ওবামা বলেন, "আজ রাতে আমরা আমাদের পথেই ছিলাম। তবে আমরা জানি আমাদের এখনও কত পথ পাড়ি দিতে হবে।"
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্র"য়ারি উইসকনসিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নির্বাচন হবে।
মঙ্গলবার তিন অঙ্গরাজ্যে বিজয়ের মধ্য দিয়ে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থীতার লড়াইয়ে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছেন ম্যাককেইন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালেক্সান্দ্রিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে ম্যাককেইন বলেন, "আমরা এ প্রচারাভিযানের অনেক দূরে চলে এসেছি। "
মঙ্গলবারের নির্বাচনের আগ পর্যন্ত ডেমোক্র্যাট প্রতিনিধিদের সমর্থন পাওয়ার দিক থেকে হিলারির চেয়ে পিছিয়ে ছিলেন ওবামা। তবে এদিনের নির্বাচনের পর হিলারির চেয়ে এখন বেশ ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
এমএসএনবিসি'র হিসাবে দেখা গেছে, ওবামা ১,০১৭ জন এবং হিলারি ৯৪২ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান শিবিরের প্রতিনিধি শিবিরের সমর্থনের দিক থেকে আরও এগিয়ে গেছেন ম্যাককেইন। তিনি পেয়েছেন ৭৮৫ জন প্রতিনিধির সমর্থন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হুকাবি পেয়েছেন মাত্র ২৪০ জন প্রতিনিধির সমর্থন।
প্রসঙ্গত, আগস্ট ও সেপ্টেম্বর মাসের দুই দলের জাতীয় সম্মেলনে এসব প্রতিনিধিই মূলত চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন। ওই সম্মেলনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেতে হলে প্রার্থীর কমপক্ষে ২০২৫ প্রতিনিধির সমর্থন প্রয়োজন হবে। আর রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে প্রয়োজন পড়বে কমপক্ষে ১,১৯১ জন প্রতিনিধির সমর্থন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪২৭ ঘ.
bdnews24