ক্যানবেরা, দিলি, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিদ্রোহীদের গুলিতে আহত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে র্যামোস হোর্তাকে আরেক দফা অস্ত্রোপচার করা হয়েছে। বুধবার এ অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন তার অস্ট্রেলীয় চিকিৎসকরা। ওদিকে, প্রেসিডেন্ট হোর্তা ও প্রধানমন্ত্রী জানানা গুসামাওকে হত্যার চেষ্টাকারীদের ধরতে ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে পূর্ব তিমুর।
গত সোমবার ভোররাতে রাজধানী দিলির বাসভবনে বিদ্রোহীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন হোর্তা। তার বুকে তিনটি গুলিবিদ্ধ হয়। এরপর দিলিতে অবস্থিত অস্ট্রেলিয়ার একটি সামরিক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে লাইফ সাপোর্ট দিয়ে বিমানযোগে নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়ার ডারউইন শহরের এক হাসপাতালে।
সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রী গুসামাওয়ের বাড়িতেও হামলা হয়। তবে তিনি অক্ষত থাকেন। ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাদো নিহত হন।
বুধবার অস্ট্রেলিয়ার 'রয়েল ডারউইন হসপিটাল' এর ব্যবস্থাপক লেন নোতারাস রয়টার্সকে জানিয়েছেন, "আজ সকালে প্রেসিডেন্টের অস্ত্রোপচার হয়েছে। তার অবস্থা জটিল হলেও এ প্রক্রিয়ায় আমরা খুবই খুশি।"
অস্ট্রেলিয়ার চিকিৎসকরা গুলিবিদ্ধ হোর্তাকে এর আগেও অস্ত্রোপচার করেছেন। তখন তার ডান ফুসফুস থেকে গুলি বের করা হয়। কিন্তু তারপরও তার দেহে একটি গুলির টুকরো থেকে যায়। অবশ্য বুধবার চিকিৎসকরা হোর্তার কি অস্ত্রোপচার করেছেন সে বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
ওদিকে, হোর্তা ও গুসামাওকে হত্যার প্রচেষ্টার সঙ্গে জড়িত ১৮ জনকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে পূর্ব তিমুর। এ বিষয়ে দেশটির প্রসিকিউটর-জেনারেল লঙ্গিনহোস মন্তিরো বুধবার দিলিতে সাংবাদিকদের বলেন, "ওয়ারেন্ট জারি করার নিয়ে আজ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছব।"
ওই ১৮ জন জড়িত থাকার বিষয়ে কেমন প্রমাণ আছে?
bdnews24