বার্লিন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদি ওলমার্ট মঙ্গলবার বলেছেন, তিনি নিশ্চিত যে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে।
বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওলমার্ট বলেন, "আমরা দেখতে পাচ্ছি, অপ্রচলিত অস্ত্রের ক্ষমতা অর্জনে ইরানিরা পরিকল্পনামাফিক এগুচ্ছে।"
এর আগে ম্যার্কেল ও ওলমার্টের মধ্যে বৈঠক হয়। সংবাদ সম্মেলনে ওলমার্ট একজন দ্বোভাষীর মাধ্যমে কথা বলেন।
ওলমার্ট বলেন, "আমরা এমন কিছু দেখিনি যার প্রেক্ষিতে ওই বিষয়ে আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি।"
ওলমার্ট আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে অন্যান্য দেশের সঙ্গে তিনি তথ্য আদান-প্রদান করছেন। আর তাই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার চেষ্টায় কোনো বিকল্পই ভুলে যাওয়া উচিত হবে না।
তিনি বলেন, "(যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যেমন একসময় বলেছেন: সব পন্থাই খোলা আছে।"
এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘে ইরানের ওপর জোরাল আন্তর্জাতিক চাপ সৃষ্টির পরিকল্পনা করেছেন ওলমার্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24