ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রার্থী বারাক ওবামা মঙ্গলবার তিনটি রাজ্যের 'পোটম্যাক প্রাইমারী'তে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে টপকানোর আশায় আছেন। অন্যদিকে, রিপাবলিকান দলের অগ্রগামী প্রার্থী জন ম্যাককেইনের সঙ্গে এই তিনটি রাজ্যে মাইক হুকাবির প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে। যদিও ম্যাককেইন চাইছেন মনোনয়নের জন্য প্রয়োজনীয় প্রতিনিধি ভোটের কাছাকাছি চলে যেতে।
মঙ্গলবার ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসিতে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এই তিনটি রাজ্যেই ওবামার ভাল করার সম্ভাবনা আছে। গত শনিবার তিনটি রাজ্যে জিতে ওবামা হিলারির আরও কাছাকাছি চলে এসেছেন।
এমএসএনবিসির হিসাব মতে, প্রতিনিধিদের সমর্থন পাওয়ার দিক থেকে সামান্য এগিয়ে আছেন সাবেক ফার্স্টলেডি ও নিউইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন। তিনি পেয়েছেন ৯৪৩ প্রতিনিধির সমর্থন। ওবামা পেয়েছেন ৮৯৫ প্রতিনিধির। ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেতে হলে প্রার্থীর কমপক্ষে ২০২৫ প্রতিনিধির সমর্থন প্রয়োজন হবে।
রিপাবলিকান দলে নিজের অবস্থান অনেকটা নিশ্চিত করে নিয়েছেন জন ম্যাককেইন। মঙ্গলবারের ভোটাভুটিতে তিনি নিজেকে জয়ের আরও কাছাকাছি নিয়ে যেতে চান। তবে আশা করা হচ্ছে এই রাজ্যগুলোতে দুজনের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে।
ভার্জিনিয়ায় ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (২৪০০-জিএমটি) এবং মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা আটটায় (জিএমটি-০১০০, বুধবার)।
মঙ্গলবারের ভোটের আগেই দুই দলের চার প্রার্থী তিনটি নির্বাচনী এলাকায় প্রচারাভিযান শেষ করেছেন।
গত শনিবার তিনটি রাজ্যে পরাজয়ের পরও নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন জোর দিয়ে বলেছেন, মঙ্গলবার তিনটি রাজ্যে এবং পরবর্তী সপ্তাহে উইসকনসিন ও হাওয়াইতে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। যদিও সবগুলো রাজ্যেই ওবামা ভাল অবস্থানে আছেন বলে মনে করা হচ্ছে। তবে আগমী ৪ মার্চে বড় দুটি রাজ্য টেক্সাস ও ওহিওতে দুজনের মধ্যে জোর লড়াই আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24