নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো তার সম্ভাব্য আততায়ীদের নাম এমনকী মোবাইল ফোন নাম্বারও জানতেন। সবকিছু জেনেও অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফিরেছিলেন তিনি। ডিসেম্বরে এক নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে আততায়ীর হামলায় নিহত হওয়ার অল্প কয়েকদিন আগে লেখা একটি বইয়ে বেনজির একথা জানিয়ে গেছেন।
মঙ্গলবার বিশ্বব্যাপী প্রকাশিত হচ্ছে বেনজিরের "রিকনসিলিয়েশন: ইসলাম, ডেমোক্র্যাসি অ্যান্ড দ্য ওয়েস্ট" শিরোনামের ওই বইটি। এতে বেনজির লিখেছেন, পাকিস্তানি কর্মকর্তারা তাকে জানিয়েছিলেন যে তাকে হত্যা করতে তালেবান যুদ্ধবাজ নেতা বায়তুল্লাহ মেহসুদ, ওসামা বিন লাদেনের ছেলে হামজা এবং অপর দুটি জঙ্গি সংগঠন চারটি আত্মঘাতী বোমারু স্কোয়াড পাঠিয়েছে।
আততায়ী হামলায় প্রাণ হারানোর আগে বেনজির পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন যে, তিনি তার নিরাপত্তার জন্য ও হুমকি তদন্তে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না।
বইটিতে বেনজির লিখেছেন, "সতিই আমি একটি সহনুভূতিশীল বিদেশি মুসলিম দেশের সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট আততায়ীদের নাম এবং মোবাইল ফোন নম্বর পেয়েছি।"
পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির আরও লিখেছেন, অক্টোবরে দেশে ফেরার আগে মুশাররফকে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যকে এমনভাবে চিহ্নিত করেছিলেন যারা তার হত্যাকাণ্ডের জন্য দায়ী থাকবে।
"নিউজ কর্পোরেশন'স হারপারকলিন্স" এর প্রকাশিত ৩১৮ পৃষ্ঠার এ বইয়ে মুশাররফের কথা উল্লেখ করে বেনজির লিখেছেন, "আমি তাকে বলেছিলাম, আমি জঙ্গিদের হাতে নিহত হলে তা হবে তার প্রশাসনে থাকা জঙ্গিদের প্রতি সহানুভূতিশীলদের কারণে। আমার সন্দেহ ওই সহানুভূতিশীল ব্যক্তিরা আমাকে নির্মূল করতে চায় কিংবা তাদের ক্ষমতায় আসার পথে আমি যে হুমকি সৃষ্টি করেছি তা দূর করতে চায়।
আট বছরের নির্বাসন শেষে গত অক্টোবর মাসে দেশে ফেরার পরপরই আত্মঘাতী হামলার শিকার হয়েছিলেন বেনজির। পাকিস্তানের ইতিহাসের অন্যতম ভয়াবহ ওই হামলায় ১৩৯ জনের প্রাণহানি হলেও বেঁচে যান তিনি।
কিন্তু গত ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে গুলি ও বোমা হামলায় প্রাণ হারান বেনজির (৫৪)। ৮ জানুয়ারির নির্ধারিত সাধারণ নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে ওই সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি।
বেনজির হত্যাকাণ্ডের পর ওই নির্বাচন স্থগিত করে ১৮ ফেব্র"য়ারি নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে।
তিন সন্তানের মা বেনজির তার বইয়ে আরও লিখেছেন, "আমি যখন ফিরে আসলাম তখন জানতাম না আমি বাঁচব না মরব। আমি আমার সন্তান, স্বামী, মা, কর্মচরী, বন্ধু-বান্ধব ও পরিবারকে বিদায় জানিয়ে এসেছি। আর কখনো তাদের মুখ দেখতে পাব কি পাব না তা না জেনেই আমি তাদের কাছ থেকে বিদায় নিয়েছি।"
বইয়ে বেনজির লিখেছেন, "আমি তাদেরকে বার বার নিশ্চয়তা দিতে চেয়েছি। তবে আমি তাদেরকে এও বলেছি, "মনে রেখ: আল্লাহ জীবন দান করেন এবং আল্লাহই জীবন নিয়ে নেন। আমার সময় শেষ না হওয়া পর্যন্ত আমি নিরাপদ থাকব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৫০ ঘ.
bdnews24