২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোর্তার অবস্থা স্থিতিশীল, আরও অস্ত্রোপচার প্রয়োজন

বিদ্রোহীদের গুলিতে আহত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার অবস্থা আশঙ্কাজনক হলেও মঙ্গলবার স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাকে আরও অস্ত্রোপচারের পরিকল্পনা করছেন। একজন উর্ধ্বতন চিকিৎসক একথা জানিয়েছেন। ওদিকে, মঙ্গলবারই অস্ট্রেলিয়ার প্রায় ২০০ সেনা পূর্ব তিমুরে আসতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ক্যানবেরা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিদ্রোহীদের গুলিতে আহত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার অবস্থা আশঙ্কাজনক হলেও মঙ্গলবার স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাকে আরও অস্ত্রোপচারের পরিকল্পনা করছেন। একজন উর্ধ্বতন চিকিৎসক একথা জানিয়েছেন। ওদিকে, মঙ্গলবারই অস্ট্রেলিয়ার প্রায় ২০০ সেনা পূর্ব তিমুরে আসতে শুরু করেছে। গত সোমবার ভোররাতে রাজধানী দিলির বাসভবনে বিদ্রোহীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন হোর্তা। তার বুকে তিনটি গুলিবিদ্ধ হয়। এরপর দিলিতে অবস্থিত অস্ট্রেলিয়ার একটি সামরিক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে লাইফ সাপোর্ট দিয়ে বিমানযোগে নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়ার ডারউইন শহরের এক হাসপাতালে। মঙ্গলবার 'রয়েল ডারউইন হসপিটাল' এর ব্যবস্থাপক লেন নোতারাস অস্ট্রেলীয় বেতারকে বলেন, "আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে তাকে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে এখন তার অবস্থা বেশ স্থিতিশীল।" তিনি আরও বলেন, "বৃহস্পতিবার পর্যন্ত তিনি কোমায় থাকবেন বলে আমরা মনে করছি। তাকে ইনটেনসিভ কেয়ার-এ রাখতে হবে আগামী সপ্তাহের রোববার বা সোমবার পর্যন্ত।" নোতারাস বলেন, "চিকিৎসকরা তিন ঘণ্টা ধরে হোর্তার অস্ত্রোপচার করেছেন। এ সময় তার ডান ফুসফুস থেকে গুলি বের করা হয়েছে। তবে গুলির একটি টুকরা এখনও তার দেহে রয়ে গেছে।" সোমবারের ওই হামলার পরপরই পূর্ব তিমুরের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভিসেন্টি গুতেরেস দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। দিলির প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেওয়া ওই ঘোষণায় তিনি বলেন, "পরিস্থিতি খুবই জটিল হওয়ায় প্রজাতন্ত্রের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে আমি ৪৮ ঘণ্টার জন্য (১৩ ফেব্র"য়ারি রাত ১০টা পর্যন্ত) জরুরি অবস্থা ঘোষণা করছি।" গত সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রী গুসামাওয়ের বাড়িতেও হামলা হয়। তবে তিনি অক্ষত থাকেন। ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনাদো নিহত হন। মঙ্গলবারই পূর্ব তিমুরে আসতে শুরু করেছে অস্ট্রেলিয়ার প্রায় ২০০ সেনা। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এরা পূর্ব তিমুরে মোতায়েন সেনাদের সঙ্গে একত্রে কাজ করবে। পূর্ব তিমুরে বর্তমানে জাতিসংঘের ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন রয়েছে। তাদের সহযোগিতা করে আসছে অস্ট্রেলিয়ার প্রায় এক হাজার সেনা। হামলা চালাতে গিয়ে বিদ্রোহী নেতা নিহত হওয়া দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে রাজধানী দিলিসহ দেশটির প্রধান প্রধান শহরে সেনা-পুলিশ টহল জোরদার করা হয়েছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে টহল চৌকি। মঙ্গলবার দিলির স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলো খুলেছে। তবে পরিস্থিতি শান্ত হলেও স্থানীয় অধিবাসীদের চোখে-মুখে দেখা গেছে আতঙ্কের ছাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১২৩৫ ঘ.