২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে রকেট নিক্ষেপে জড়িতরা হামলার লক্ষ্যবস্তু হবে: ওলমার্ট

ফিলিস্তিনি সংগঠন হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার জন্য শীর্ষ মন্ত্রীদের চাপের সম্মুখীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার বলেছেন, গাজা উপত্যকা থেকে সীমান্ত পেরিয়ে রকেট নিক্ষেপে জড়িতদের হামলার লক্ষ্যবস্তু করবে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

জেরুজালেম. ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি সংগঠন হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার জন্য শীর্ষ মন্ত্রীদের চাপের সম্মুখীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার বলেছেন, গাজা উপত্যকা থেকে সীমান্ত পেরিয়ে রকেট নিক্ষেপে জড়িতদের হামলার লক্ষ্যবস্তু করবে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রিপরিষদকে ওলমার্ট বলেন, "আমরা সব সন্ত্রাসী উপদান, তার জন্য যারা দায়ী এবং তাদেরকে যারা পাঠায় তাদের সবাইকে হামলার লক্ষ্যবস্তু করব। কাউকেই আমরা বিশেষ বিবেচনায় নেব না।" গাজা উপত্যকার পাঁচ কিলোমিটার দূরে ইসরায়েলের এসডেরাত শহরের মাঝখানে একটি রকেট হামলায় দুই ইসরায়েলি গুরুতর আহত হওয়ার একদিন পর একথা বললেন ওলমার্ট। হামাস ওই হামলার দায় স্বীকার করেছে। গত জুন মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত সেনাদের হটিয়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফিলিস্তিনি সংগঠন হামাসের যোদ্ধারা। এছাড়া, গাজার যোদ্ধারা মাঝে মধ্যেই দক্ষিণ ইসরায়েলের শহরগুলোয় স্বল্প-পাল্লার রকেট ও মর্টার হামলাও চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসাবে এসব হামলা চালানো হয় বলে জানিয়ে আসছে সেখানকার যোদ্ধারা। ইসরায়েলে ওইসব রকেট হামলায় ক্ষয়-ক্ষতির ঘটনা কদাচিৎ ঘটলেও এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার মন্ত্রিপরিষদের বৈঠকে উপ-প্রধানমন্ত্রী হেইম র‌্যামন বলেন, গাজার যেসব এলাকা থেকে রকেট হামলা চালানো হয় ইসরায়েলের উচিত সেসব এলাকায় "গুলি বৃষ্টি ঝরানো।" বৈঠকে ইসরায়েলের আরেক শীর্ষ মন্ত্রী মেইর শিত্রিত বলেন, ইসরায়েলের উচিত ওইসব এলাকায় বসবাসরত ফিলিস্তিনিদের সরে যাওয়ার এবং সেখানকার সব কিছু ধূলোয় মিশিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া। এদিকে, শনিবার দিবাগত রাতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এক বিমান হামলায় হামাসের এক যোদ্ধা নিহত হয়েছে। প্রসঙ্গত. গাজা উপত্যকা থেকে রকেট হামলা বন্ধ এবং হামাসকে বিচ্ছিন্ন করার অংশ হিসাবে ইসরায়েল উপকূলীয় এলাকাটিতে সামরিক অভিযান জোরদার এবং অবরোধ কঠোর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৯ ঘ.