২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দুই গুয়ান্তামানো বন্দির বিরুদ্ধে মার্কিন বাহিনীর মামলা

গুয়ান্তানামো বে বন্দিশিবিরে আটক আরও দুইজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার মামলা করেছে মার্কিন সেনাবাহিনীর আইনজীবীরা। তারা জানিয়েছেন, আসামীদের একজন আল কায়েদার চিত্রগ্রাহক এবং অপরজন ওসামা বিন লাদেনের দেহরক্ষী ও গাড়িচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

গুয়ান্তানামো বে মার্কিন নৌঘাঁটি, কিউবা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়ান্তানামো বে বন্দিশিবিরে আটক আরও দুইজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার মামলা করেছে মার্কিন সেনাবাহিনীর আইনজীবীরা। তারা জানিয়েছেন, আসামীদের একজন আল কায়েদার চিত্রগ্রাহক এবং অপরজন ওসামা বিন লাদেনের দেহরক্ষী ও গাড়িচালক। গুয়ান্তানামো বন্দিশিবিরে আটক যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের বিচারের লক্ষ্যে সামরিক আদালতের সংশোধিত প্রক্রিয়ায় এ নিয়ে সাতজনের বিরুদ্ধে মামলা হল। মামলার অভিযোগে বলা হয়, বিন লাদেনের ব্যক্তিগত গণমাধ্যম সচিব ইয়েমেন বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী আলি হামজা আহমাদ সুলাইমান আল বাহলুল 'ইউএসএস কোল'-এর জাহাজে আত্মঘাতী বোমা হামলাকারীদের ভিডিওচিত্র তৈরি করেছিলেন। ২০০০ সালে ইয়েমেনের একটি বন্দরে অবস্থানের সময় ওই জাহাজে চালানো আত্মঘাতী হামলায় মার্কিন নৌবাহিনীর ১৭ জন সদস্য নিহত হয়েছিল। আইনজীবীরা আরও জানিয়েছেন, বিন লাদেনের দেহরক্ষী হিসেবেও মাঝে মধ্যে দায়িত্ব পালন করতেন বাহলুল। ১১ সেপ্টেম্বরের হামলয় জড়িত দুই হামলাকারীর ভিডিওচিত্রও তিনি নির্মাণ করেছিলেন। সামরিক আইনজীবীরা জানিয়েছেন, মামলার অপর আসামী সুদানি বংশোদ্ভূত ৪৭ বছর বয়সী ইব্রাহিম মাহমুদ আল কুসি ছিলেন বিন লাদেনের দেহরক্ষী এবং গাড়িচালক। তিনি ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ছিলেন। মামলায় বলা হয়েছে, আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের অভিযানের সময় কুসি কাবুলে সম্মুখযুদ্ধে অংশ নেন এবং আল কায়েদা যোদ্ধাদের তোরা বোরো পার্বত্য এলাকায় পালাতে সাহায্য করেন। মামলায় দোষী সাব্যস্ত হলে দু'জনেরই যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৫১১ ঘ.