নম পেন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কম্বোডিয়ার খেমাররুজ গেরিলাদের প্রধান পলপটের শীর্ষ সহযোগী বা 'ব্রাদার নম্বর টু' নুয়ন চিয়া দেশটির বর্তমান পরিণতির জন্য বিদেশিদের দায়ী করেছেন। খেমাররুজদের যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে জাতিসংঘের সহযোগিতায় গঠিত বিশেষ আদালত "কিলিং ফিল্ডস - ট্রাইবুনাল" এর শুনানিতে শুক্রবার তিনি ওই দাবি করেন।
নিজের জামিনের আবেদনের শুনানিতে নুয়ন চিয়া বলেন, "আমার প্রিয় কম্বোডীয়রা, আপনারা জানেন, কম্বোডিয়ায় শান্তি, সৌহার্দ্য ও সংহতি বিরাজ করছিল এবং ধীরে ধীরে এর উন্নতিও ত্বরান্বিত হচ্ছিল।"
"কিন্তু, কম্বোডিয়ার প্রবৃদ্ধি নস্যাৎ করতে সচেষ্ট দেশগুলোর প্ররোচণায় এখনও এখানে জটিলতা রয়ে গেছে।"
এভাবে দেশটির বর্তমান অবস্থার জন্য বিদেশিদের দায়ী করে পলপটের খেমাররুজ শাসনামল এবং সেখানে নিজের ভূমিকার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আশিঊর্ধ্ব বয়সের এই সাবেক গেরিলা।
এছাড়া, নিজের বক্তব্যে তিনি আর যা বলেন তার মধ্যে ছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের গুণকীর্তন। ১৯৭০ এর দশকের শেষ দিকে ভিয়েতনামের আগ্রাসনের মুখে ক্ষমতাচ্যুত হন সেন।
১৯৭৯ সালে ভিয়েতনামের সেনাদের অভিযানের মধ্যে দিয়ে পলপটের চার বছরের সন্ত্রাসের রাজত্ব শেষ হয় কম্বোডিয়ায়। পলপটের তথাকথিত খেমাররুজ বিপ্লবের নাম ছিল "ইয়ার জিরো"।
কম্বোডিয়ায় পলপটের শাসনামলে খেমাররুজদের প্রত্যক্ষ নিপীড়ণের শিকার হয়ে কিংবা খাদ্যাভাবে এবং নিপীড়ণ ও খাদ্যাভাবের কারণে অসুস্থতার শিকার হয়ে প্রায় ১৭ লাখ মানুষ প্রাণ হারান বলে ধারণা করা হয়ে থাকে।
নুয়ন চিয়া ছাড়াও খেমাররুজ আমলের প্রেসিডেন্ট খিউ সাম্ফান, পররাষ্ট্রমন্ত্রী ইয়াং সারি ও তার স্ত্রী ইয়াং তিরিথ এবং নমপেনের কুখ্যাত তোওল-স্লেং বা "এস-২১" নিপীড়ণ কেন্দ্রের প্রধান দুচ'ও গ্রেপ্তার অবস্থায় 'জাতিসংঘ-ক্যাম্বোডিয়া বিশেষ যুদ্ধাপরাধ' আদালতে বিচারাধীন আছেন।
১৯৯৮ সালে খেমাররুজদের চূড়ান্ত পতনের সময় থাই সীমান্তের কাছে নিজ জন্মস্থান আংলং ভেং এ মারা যান পলপট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24