অস্টিন, টেক্সাস, ফেব্র"য়ারি, ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---দীর্ঘদিনের সংঘাত অবসানে নতুন কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও ২০০৮ সালে ইসরায়েলের সঙ্গে স্থায়ী মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা নেই। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ বৃহস্পতিবার একথা বলেছেন।
টেক্সাসে এক ব্যক্তিগত সফরকালে রজধানী অস্টিনে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ফায়াদ বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের অগ্রগতির অভাবের কথা তুলে ধরেন। যেমন, ইহুদি বসতি স্থাপন, পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও রোডম্যাপ শান্তি পরিকল্পনার পথে প্রধান প্রধান বাধাগুলো।
ফায়াদ বলেন, "এ বছরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাবনা তৈরি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না এবং তা হওয়ার সম্ভাবনা আছে বলেও আমি মনে করি না।"
গত মাসে মধ্যপ্রাচ্য সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, তিনি ২০০৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্সি থেকে বিদায় নেওয়ার আগেই ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি স্বাক্ষর হবে বলে বিশ্বাস করেন।
বুশের বিদায়ের আগে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন ২০০৩ সালের প্রস্তাবিত রোডম্যাপ শান্তি পরিকল্পনার শর্ত পূরণ করছে কিনা মার্কিন সরকার তা মূল্যায়ন করবে।
কিন্তু সাক্ষাৎকারে ফায়াদ বলেন, অধিকৃত অঞ্চলে ইসরায়েলের নতুন করে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কারণে আলোচনা এবং রাজনৈতিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এগুচ্ছে না।
ইসরায়েল এখনও রোডম্যাপ শান্তি পরিকল্পনার শর্ত পূরণ করেনি। তারা ইহুতি বসতি স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তাছাড়া, পশ্চিম তীরে সরকারের অনুমতি ছাড়া বসানো সেনা ফাঁড়িগুলোও তুলে নেয়নি।
ওদিকে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিন এখনও রোডম্যাপে উল্লিখিত নিরাপত্তা বিধানের শর্ত পূরণ করতে পারেনি।
পাল্টা অভিযোগে ফায়াদ ফিলিস্তিনি গেরিলাদের খোঁজে পশ্চিম তীরে ইসরায়েলের সেনা অভিযানের কথা বলেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আইন-শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে। যেসব এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে সেসব এলাকাতেও ইসরায়েলের ওইসব পদক্ষেপ ফিলিস্তিন কর্তৃপক্ষের আস্থা ও বিশ্বাযোগ্যতা ক্ষুন্ন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৮ঘ.
bdnews24