২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন ও দলীয় প্রতিনিধির ভূমিকা

নির্বাচনী জ্বরে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যস্ত দেশটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির। জানুয়ারি থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে দলীয় নির্বাচন (প্রাইমারি ও ককাস)। চলবে আগামী জুন মাস পর্যন্ত। অঙ্গরাজ্যের এ দলীয় প্রার্থী নির্বাচনে ভোটাররা যার যার দলের স্থানীয় প্রতিনিধিও নির্বাচন করছেন। এসব প্রতিনিধিই আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুই দলের জাতীয় সম্মেলনে ভোট দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থী মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচনী জ্বরে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যস্ত দেশটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির। জানুয়ারি থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে দলীয় নির্বাচন (প্রাইমারি ও ককাস)। চলবে আগামী জুন মাস পর্যন্ত। অঙ্গরাজ্যের এ দলীয় প্রার্থী নির্বাচনে ভোটাররা যার যার দলের স্থানীয় প্রতিনিধিও নির্বাচন করছেন। এসব প্রতিনিধিই আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুই দলের জাতীয় সম্মেলনে ভোট দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থী মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন । অবশ্য, নির্বাচিত এসব প্রতিনিধির বাইরে আরও প্রায় ২০ শতাংশ প্রতিনিধিও জাতীয় সম্মেলনে ভোট দেবেন। এসব অনির্বাচিত প্রতিনিধি হচ্ছেন কংগ্রেস সদস্য, অঙ্গরাজ্যের কর্মকর্তা এবং দলীয় নেতা। দলের জাতীয় সম্মেলনে এরা যে কোনো প্রার্থীকে তাদের সমর্থন দেওয়ার স্বাধীন ক্ষমতা রাখেন। অঙ্গরাজ্যের আকার ও জনসংখ্যার তারতম্যের কারণে সেখানকার প্রতিনিধিদের সংখ্যাও তারতম্য হয়। ছোট অঙ্গরাজ্যের তুলনায় বড় অঙ্গরাজ্যে প্রতিনিধি নির্বাচিত হন অনেক বেশি। এছাড়া, ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের প্রতিনিধিদের সংখ্যাও এক নয়। এবারের জাতীয় সম্মেলনে রিপাবলিকানদের ২,৩৮০ জন এবং এর প্রায় দ্বিগুণ সংখ্যাক ৪,০৪৯ জন প্রতিনিধি থাকার কথা ডেমোক্র্যাটদের। তবে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে। ডেমোক্র্যাট দলে অঙ্গরাজ্যের নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের অনুপাত এবং কংগ্রেসনাল জেলার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হয়। এর ফলে ডেমোক্র্যাটদের দলীয় নির্বাচনে কোনো অঙ্গরাজ্যে কোনো প্রার্থী পরাজিত হলেও তার সুযোগ থাকে বেশ কয়েকজন প্রতিনিধির সমর্থন পাওয়া। অন্যদিকে, রিপাবলিকানদের দলীয় নির্বাচনে কোনো অঙ্গরাজ্যের বিজয়ী প্রার্থী ওই অঙ্গরাজ্যের সকল প্রতিনিধিরই সমর্থন পেয়ে থাকেন। এমন অবস্থায় সুপার টুয়েসডের নির্বাচনের মধ্য দিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় শিবিরের চূড়ান্ত প্রতিযোগী কে কে হতে চলেছেন তা অনেকটা স্পষ্ট হয়ে উঠতে পারে। কারণ, এদিন ২৪টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনের মধ্যে দিয়ে ডেমোক্র্যাটদের প্রায় অর্ধেক এবং রিপাবলিকনাদের ৪০ শতাংশ প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন। নভেম্বরের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে হলে ডেমোক্র্যাট প্রার্থীদের ২,০২৫ জন প্রতিনিধির সমর্থন লাগবে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থীদের লাগবে ১,১৯১ জন প্রতিনিধির সমর্থন। এমন প্রেক্ষাপটে সুপার টুয়েসডের প্রাপ্ত ফলাফল এবং পূর্বে অনুষ্ঠিত অঙ্গরাজ্যগুলোর নির্বাচন অনুসারে দেখা গেছে, ডেমোক্র্যাট শিবিরে সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৭০৮ জন প্রতিনিধির সমর্থন। অন্যদিকে, ইলিনয়ের সিনেটর বারাক ওবামা পেয়েছেন ৬০৫ জন প্রতিনিধির সমর্থন। রিপাবলিকান শিবিরে প্রতিনিধিদের সমর্থনে এগিয়ে রয়েছেন অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন। তিনি পেয়েছেন ৫২২ জন প্রতিনিধির সমর্থন। যেখানে তার প্রধান প্রতিপক্ষ ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি পেয়েছেন ২২৩ জন প্রতিনিধির সমর্থন। আর রিপাবলিকান দলীয় অপর প্রার্থী আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবি পেয়েছেন ১৪২ জন প্রতিনিধির সমর্থন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৫১ ঘ.