কলম্বো, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলের দুর্গম এলাকায় ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে পদাতিক বাহিনীর অভিযানে বুধবার গেরিলাদের ৩০ টি বাঙ্কার ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সেনারা।
ওই অভিযানে ১২ জন এলটিটিই গেরিলা নিহত হয়েছে। পদাতিক বাহিনীর অভিযানের পাশাপাশি একটি ঘাঁটিতে গেরিলা নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান বাহিনী বোমা বর্ষণ করেছে। সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে।
এক সেনা মুখপাত্র জানান, "সেনারা জাফনায় ৩০ টি এলটিটিই বাঙ্কারে আক্রমণ করে এবং এতে ১২ এলটিটিই গেরিলা নিহত হয়।"
অভিযানের সময় পাঁচ সেনাও আহত হয় বলে জানান ওই সেনা মুখপাত্র।
রীতি অনুসারে নিজের নাম প্রকাশ না করে মুখপাত্র বলেন, লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) গেরিলাদের অকার্যকর হয়ে পড়া রাজধানী কিলিনোচ্চির কাছে ঊর্ধ্বতন গেরিলা নেতাদের একটি জমায়েত লক্ষ্য করে বিমানবাহিনী বোমা বর্ষণ করে।
গত ১৬ জানুয়ারি শ্রীলংকা সরকার ও এলটিটি'র মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে গেছে। সেই থেকে দেশটির নিরাপত্তাবাহিনী ও এলটিটিই গেরিলাদের মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পেয়েছে।
শ্রীলংকার উত্তর ও পূর্বাঞ্চলে তামিল অধ্যুষিত এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এলটিটিই'র সশস্ত্র সংগ্রামে দেশটিতে এযাবৎ প্রায় ৭০,০০০ মানুষের প্রাণহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩৮ ঘ.
bdnews24