২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস নেতাদের হত্যার আহ্বান ইসরায়েলি আইনপ্রণেতার

ইসরায়েলে ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলার পাল্টা জবাবে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার নির্দেশ দিতে মঙ্গলবার ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দলের এক প্রভাবশালী আইনপ্রণেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

জেরুজালেম, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলে ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলার পাল্টা জবাবে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার নির্দেশ দিতে মঙ্গলবার ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দলের এক প্রভাবশালী আইনপ্রণেতা। সোমবার দক্ষিণ ইসরায়েলের দিমোনায় আত্মঘাতী হামলার ঘটনায় হামলাকারীসহ এক ইসরায়েলি নারী নিহত হয়। এ সময় ওই আত্মঘাতী হামলাকারীর সঙ্গী তার বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটানোর আগেই ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তাকে গুলি করে হত্যা করে। হামাস এ হামলার দায় স্বীকার করেছে। প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০০৪ সালের আগস্টে মাসে ইসরায়েলের ভেতরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল হামাস। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরের দুটি বাসে চালানো ওই হামলায় ১৬ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছিল। মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টের 'ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটি'র সভাপতি ও কাদিমা পার্টির আইনপ্রণেতা জাচি হানেগবি বলেন, "কয়েক বছর ধরে হামাস ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত ছিল। তবে এ বোমা হামলা তাদের নীতি পরিবর্তনের একটি ইঙ্গিত।" ইসারয়েলি বেতারকে হানেগবি বলেন, "এ কারণে ইসরায়েলি সরকারেরও উচিৎ নীতি পরিবর্তন করা। হামাস নেতৃত্বকে অবাধে চলতে দেওয়া আমাদের উচিৎ হবে না।" এদিকে, দিমোনার ওই আত্মঘাতী হামলার কয়েক ঘণ্টা পর সোমবারই ইসরায়েলি এবং ফিলিস্তিনি মধ্যস্থতাকারীরা শান্তিআলোচনায় বসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৪ ঘ.