২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ব্যর্থ বোমা হামলাকারীদের সাহায্য করায় ৫ জনের কারাদণ্ড

২০০৫ সালের সেভেন/সেভেন বোমা হামলার পরপরই লন্ডনের পরিবহন ব্যবস্থায় আরেকটি আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকারীদের পালিয়ে যেতে সাহায্য করায় সোমবার পাঁচ জনকে ৭ থেকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 09:15 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

লন্ডন, ফ্রেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৫ সালের সেভেন/সেভেন বোমা হামলার পরপরই লন্ডনের পরিবহন ব্যবস্থায় আরেকটি আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকারীদের পালিয়ে যেতে সাহায্য করায় সোমবার পাঁচ জনকে ৭ থেকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। সাজাপ্রাপ্ত পাঁচ জনই মুসলিম তরুণ এবং এদের সবারই বয়স ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে। এদের সবাই স্থায়ীভাবে ব্রিটেনে বসবাস করছিল। দক্ষিণ পশ্চিম লন্ডনের কিংস্টন ক্রাউন কোর্ট ৪ মাসের শুনানি শেষে সোমবার ওই রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, ২০০৫ সালের ২১ জুলাই লন্ডনের পরিবহন ব্যবস্থায় ব্যর্থ আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকারী চক্রটিকে ওই ঘটনার পরপরই আশ্রয় ও খাবার দেওয়া এবং তাদের একজনকে একটি ব্রিটিশ পাসপোর্ট সরবরাহ করার অপরাধে অভিযুক্ত করে তারা। এছাড়া এদের দুজন বোমা হামলার ষড়যন্ত্রের কথা আগে থেকে জানলেও তারা পুলিশকে সতর্ক করেনি। সব মিলিয়ে মোট ২১ টি অভিযোগ আনা হয়েছিল ওই পাঁচজনের বিরুদ্ধে। কারাদণ্ড প্রাপ্ত পাঁচ জন হলেন, আব্দুল শেরিফ (৩০), ওয়াহবি মাহমুদ (২৫), মুহেদিন আলি (২৯), ইসমাইল আবদুরাহমান (২৫) এবং সিরাজ আলি (৩৩)। আব্দুল শেরিফ হামলাচেষ্টাকারী চারজনের একজন হুসেইন ওসমানের ভাই। শেরিফ তার ভাইকে একটি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে রোমে পালিয়ে যেতে সাহায্য করে। শেরিফের ১০ বছর কারাদণ্ড হয়েছে। ওয়াহবি মোহাম্মদ আরেক হামলার চেষ্টাকারী রামজি মোহাম্মদের ভাই। ব্যর্থ হামলার পর রামজি পালিয়ে থাকার সময়ে ওয়াহবি তাকে খাবার ও অন্যান্য দ্রব্য সরবরাহ করে। তার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। আরেক হামলা চেষ্টাকারী ওসমান রোমে পালিয়ে যাওয়ার দিন ইসমাইল আব্দুরাহমান তাকে ট্রেনের টিকেট কেটে দেওয়ার উদ্যোগ নেন। আব্দুরাহমানের ১০ বছর কারাদণ্ড হয়েছে। সিরাজ আলি দুই হামলাচেষ্টাকারী ইয়াসিন ওমর ও মুতাহ ইব্রাহিমের বন্ধু এবং ইব্রাহিমের সঙ্গে একই বাড়ির ভিন্ন একটি ফ্ল্যাটে বাস করত। হামলা ব্যর্থ হওয়ার পর সিরাজ ইব্রাহিমকে তার বাসার মালপত্র সরিয়ে বাসা ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেন। সিরাজের ১২ বছরের কারাদণ্ড হয়েছে। পঞ্চম তরুণ মুহেদিন আলি হামলাচেষ্টাকারী ওসমান ও রামজি মোহাম্মদের বন্ধু। হামলা চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওসমানকে লন্ডনে আশ্রয় দিয়েছিল মুহেদিন। তার ৭ বছরের কারাদণ্ড হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে তিনটি ট্রেন এ একটি বাসে একযোগে বোমা হামলায় ৫২ যাত্রী নিহত হওয়ার মাত্র দুসপ্তাহ পর ২১ জুলাই পরিবহন ব্যবস্থায় আরেকটি হামলার চেষ্টা চালায় সন্দেহভাজন আল কায়েদা সমর্থক একটি চক্র। কিন্তু হাড্রোজেন-পারঅক্সাইড দিয়ে ঘরে তৈরী করা বোমার ডেটোনেটর ঠিকমতো কাজ না করায় সৌভাগ্যবশত সেসবের বিস্ফোরণ ঘটেনি বলে জানায় পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত চারজনের সবাইকেই গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩০ ঘ.