ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতৃত্ব নির্ধারণী লড়াই শুরু হয়েছে ৫ ফেব্র"য়ারি। এদিন ২৪টি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের দলীয় নির্বাচন (প্রাইমারি ও ককাস) হওয়ায় দিনটি পরিচিতি পেয়েছে 'সুপার টুয়েসডে' হিসাবে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের নেতৃত্ব দখলের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন দুই শিবিরের অগ্রগামী প্রার্থী বারাক ওবামা ও হিলারি ক্লিনটন এবং জন ম্যাককেইন ও মিট রমনি। (আরও তথ্যসহ)
ঐতিহাসিক এ নির্বাচনের প্রক্কালে দলীয় সমর্থকদের সমর্থন আদায়ের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের মনোনয়ন প্রত্যাশীরা।
আগে যেমনটি ধারণা করা হয়েছিল তেমনিই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনের মধ্যে। ওদিকে, মিট রমনির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নেমেছেন রিপাবলিকান জন ম্যাককেইন।
সুপার টুয়েসডের আগেই বিভিন্ন জনমত জরিপের ফলে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী সাবেক ফার্স্ট লেডি ও নিউইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন এবং ইলিনয়িসের সিনেটর বারাক ওবামার মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আঁচ করা যাচ্ছিল। এর ব্যতিক্রম হয়নি।
ওবামা বলেছেন, "এ লড়াইয়ে দু'ধরনের রায় আসার সম্ভাবনাই বেশি।" ওদিকে, হিলারি বলেন, " নজিরবিহীন ব্যাপার ঘটছে। এরকম আগে কখনও দেখা যায়নি।"
ওবামা ও হিলারির মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় এ লড়াইয়ের নিষ্পত্তি হতে আরও বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই দুই প্রার্থীকে হয়ত মার্চে ওহিও এবং টেক্সাসে কিংবা এপ্রিলে পেনিসেলভেনিয়ায় আরেক দফা লড়াইয়ে নামতে হতে পারে।
অন্যদিকে, রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে মূলত প্রতিযোগিতা চলছে অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন এবং ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনির মধ্যে। তবে রিপাবলিকান দলীয় অপর প্রার্থী আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিও কোনো কোনো অঙ্গরাজ্যে চমক দেখাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরে দলীয় নির্বাচন হবে আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কোলোরাডো, কানেকটিকাট, ডিলাবার, জর্জিয়া, ইলিনয়, ম্যাসাচুসেটস, মিনেসোটা, মিসৌরি, নিউ জার্সি, নিউইয়র্ক, নর্থ ডাকোটা, ওকলাহোমা, তিনেসি এবং উতাহ অঙ্গরাজ্যে। অন্যদিকে, আইডাহো, কানসাস ও নিউ মেক্সিকোতে হবে ডেমোক্র্যাট দলের এবং মন্টানা ও ওয়েস্ট ভার্জিনিয়ায় হবে রিপাবলিকান দলের নির্বাচন।
এর আগে ডেমোক্র্যাট দলীয় নির্বাচনে আইওয়া ও সাউথ ক্যারোলাইনায় ওবামা এবং নিউ হ্যাম্পশায়ার, নেভাদা ও ফ্লোরিডায় হিলারি বিজয়ী হন। অন্যদিকে, রিপাবলিকান দলীয় নির্বাচনে আইওয়ায় হুকাবি এবং নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় ম্যাককেইন এবং মিশিগানে রমনি বিজয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৫৬ ঘ.
bdnews24