বেলগ্রেড, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সার্বিয়ায় রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয়দফা ভোট গ্রহণে জাতীয়তাবাদী নেতা তোমিস্লাভ নিকোলিচকে অল্প ব্যবধানে পরাজিত করেছেন পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট বরিস তাদিচ।
এর আগে ২০ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন নিকোলিচ। ওই নির্বাচনে নিকোলিচ পেয়েছিলেন ৪০ শতাংশ ভোট এবং তাদিচ পেয়েছিলেন ৩৫ দশমিক ৪ শতাংশ ভোট। কিন্তু সার্বিয়ার নির্বাচনী আইন অনুসারে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোটারের সমর্থন না পাওয়ায় ৩ ফেব্র"য়ারি এ দ্বিতীয়দফা ভোট হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফা নির্বাচনের প্রাথমিক ফলাফলে অল্প ব্যবধানে বিজয়ী হয়েছেন তাদিচ। তিনি ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, নিকোলিচ পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট। কমিশন আরও জানিয়েছে, নির্বাচনে ভোটদান সঠিকভাবে না হওয়ায় অনেক ভোটারের ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সার্বিয়ার ভবিষ্যত সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এ নির্বাচনী ফলাফলের। এছাড়া কসোভো প্রদেশের নিয়ন্ত্রণ হারানোর পর পশ্চিমাদের সঙ্গে সার্বিয়ার কেমন সম্পর্ক রাখা উচিত হবে সে বিষয়ের ওপর একটি গণভোট হিসাবেও বিবেচিত হচ্ছিল এ নির্বাচন।
তাদিচ বলে আসছিলেন, নির্বাচনে যা-ই হোক না কেন সার্বিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভের বিষয়টি অবশ্যই প্রাধান্য পাবে। অন্যদিকে, পশ্চিমের চেয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের পরমার্শ দিয়ে আসছিলেন নিকোলিচ। তবে দু'জনের কেউই কসোভোর স্বাধীনতার পক্ষে নন।
রোববার রাতে বেলগ্রেডে এক বিজয় সমাবেশে তাদিচ বলেন, "আমরা ইউরোপের সঙ্গে যুক্ত হতে চাই। আমরা বিশ্বর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে চাই।"
তিনি বলেন, "আমরা কসোভোর জনগণকে বলতে চাই যে আমরা কখনোই তাদেরকে হতাশ করব না। সার্বিয়ার সম্ভাবনা বাস্তবায়ন করার জন্য আমাদের একত্রে কাজ করা প্রয়োজন।"
এদিকে, নিকোলিচ পরাজয় স্বীকার করে তাদিচকে অভিনন্দন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৩৫ ঘ.
bdnews24