কলম্বো, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শ্রীলংকা সোমবার ব্রিটেনের কাছ থেকে তাদের স্বাধীনতা লাভের ৬০ তম বার্ষিকী উদযাপন করেছে। বোমা হামলার হুমকির মধ্যে কোনো সহিংসতা ছাড়া রাজধানী কলম্বোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ হলেও এর কয়েক ঘন্টা পরই উত্তর-পূর্বাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এ খবর জানিয়েছে।
এক সেনা মুখপাত্র জানান, "ভেলি-ওয়া - তে বেসামরিক বাসকে লক্ষ্য করে তামিল টাইগারদের স্থলমাইন বিস্ফোরণে ওই ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত হয় এবং আরও ১৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।"
উত্তর পূর্বাঞ্চলের পলন্নোরুয়া জেলার ভেলি-ওয়া নামক এলাকাটি রাজধানী কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে।
ওদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রোববার রাজধানী কলম্বোর প্রধান রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১১ জনের প্রাণহানি এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে সোমবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কলম্বোয় মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশ ও সেনাসদস্য।
শ্রীলংকা সরকার এবং 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) এর মধ্যকার ছয় বছরের যুদ্ধবিরতি চুক্তি গত মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে গেছে। সেই থেকে দেশটিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
সোমবার রাজধানী কলম্বোর ভারত মহাসাগর তীরবর্তী উপকূলীয় এলাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা হয়। এ এলাকার কয়েকশ' গজ দূরে দ্বীপ দেশটির প্রধান রেল স্টেশনে রোববারের ওই বোমা হামলার ঘটনা ঘটে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মনোরম কুচকাওয়াজের পাশাপাশি ট্যাংক, রকেট লঞ্চার, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ নিয়ে শ্রীলংকার সেনা, নৌ ও বিমানবাহিনী তাদের শক্তি প্রদর্শন করে। অনুষ্ঠানে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষেসহ দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, রাজনীতিক ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাজাপাকসে বলেন, "দুই বছর আগে কেউই বিশ্বাস করতে পারছিল না যে সন্ত্রাসীরা পরাজিত হবে। কিন্তু গত দুই বছরে আমাদের মাতৃভূমিতে আমরা তা-ই বাস্তবায়িত করেছি।"
তিনি আরও বলেন, "স্বাধীনতার পরের ছয় দশকের তিন দশক আমাদের ছিল সন্ত্রাসের ক্যান্সার। ইতিহাসে আমাদের ওপর যে চ্যালেঞ্জ বর্তেছে তা হচ্ছে সন্ত্রাসবাদকে পরাজিত এবং দেশের উন্নয়ন করা।"
এর আগে সোমবার সকালেই শ্রীলংকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা হামলা হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছিল দেশটির 'ইল্লালান ফোর্সেস' নামের একটি সংগঠনের এক সদস্য।
শ্রীলংকার সেনাবাহিনী তখন জানায়, 'ইল্লালান ফোর্সেস' হচ্ছে তামিল টাইগার গেরিলাদের একটি সাংকেতিক নাম। এ নামে মাঝে মধ্যেই তারা রাজধানীতে হামলা চালিয়ে থাকে। যেমন রোববার রেল স্টেশনে চালানো বোমা হামলা। তবে এলটিটিই কিংবা শ্রীলংকা সরকারের পক্ষ থেকে এ হুমকি সম্পর্কে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
টেলিফোনে রয়টার্সকে ওই হুমকির কথা জানানোর সময় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, এলটিটিই'র সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না। কিন্তু ওই প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি চুপ করে থাকেন এবং টেলিফোন রেখে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24