নইরোবি, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহিংসতা বন্ধে কেনিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধীরা। রোববার তারা এ দাবি জানায়।
বিরোধীদল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) এর মুখপাত্র টনি গাচোকা রয়টার্সকে বলেন, "দেশের পরিস্থিতি শান্ত করতে এইউ শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন বলে আমরা মনে করি। যেহেতু এটি জাতিগত সংঘাত তাই এখানে নিজেদের সেনাবাহিনীর চেয়ে এইউ শান্তিরক্ষী মোতায়েন করা যুক্তিযুক্ত হবে।"
তবে বিরোধীদের এই দাবির ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে সরকার পক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের নির্বাচন পরবর্তী জাতিগত সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে নয়শ' মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১০ ঘ.
bdnews24