এনজামিনা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চাদের গেরিলারা প্রেসিডেন্ট ইদ্রিস দেবাইকে উৎখাত করতে অভিযান আরও জোরদার করেছে। সর্বশেষ খবর অনুযায়ী সেনাবাহিনীকে পরাস্ত করে শনিবার তারা রাজধানী এনজামিনার প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে এগিয়ে যাচ্ছে বলে শহরের এক বিদেশি বাসিন্দা জানিয়েছেন। ওদিকে, চাদের এ সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।
এনজামিনার এক পশ্চিমা দূতাবাস থেকে ই-মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদেশি নাগরিক রয়টার্সকে জানান, "গেরিলারা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা প্রাসাদটি থেকে মাত্র দুই ব্লক দূরে আছে। গেরিলারা জিতে যাচ্ছে।" তিনি আরও বলেন, তিনি গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন।
গেরিলারা প্রায় তিনশ গাড়ির এক বিশাল বহর নিয়ে রাজধানীর দিকে এগিয়ে যায়। দুই বছরের মধ্যে বিদ্রোহীদের সবচেয়ে জোরাল অভিযান এটি।
এর আগে শুক্রবার রাজধানী এনজামিনার কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে সেনাবাহিনীর সঙ্গে গেরিলাদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয়পক্ষই বিজয়ী হওয়ার দাবি জানায়।
এমন প্রেক্ষাপটে চাদে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশ দুটি।
চাদ সরকার অভিযোগ করে আসছে, গেরিলাদের অস্ত্র ও সমর্থন দিচ্ছে সুদান সরকার। অন্যদিকে, সুদান এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এদিকে, চাদের চলমান সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এইউ। ইথিওপিয়ায় আফ্রিকার নেতাদের শীর্ষ সম্মেলনে উপস্থিত এইউ কমিশন এর নতুন সভাপতি জ্যঁ পিং সাংবাদিকদের বলেন, "চাদে আজকে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমরা সত্যিকারেই গভীরভাবে উদ্বিগ্ন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭২৩ ঘ.
bdnews24