নাইরোবি, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার নির্বাচন পরবর্তী জাতিগত সহিংসতা বন্ধের লক্ষ্যে সত্ত্বর পদক্ষেপ গ্রহণের জন্য শুক্রবার সরকার ও বিরোধীদলের মাধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে, ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরদিনই শনিবার দেশটিতে আবারও সহিংসতার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, ২৭ ডিসেম্বরের ওই বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশটিতে প্রায় সাড়ে আটশ' লোকের প্রাণহানি হয়েছে। ওই নির্বানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন মাওয়ি কিবাকি। তবে বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা অভিযোগ করে আসছেন, জালিয়াতির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার সরকার ও বিরোধীদলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আনান বলেন, পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেনিয়ার দীর্ঘ মেয়াদি রাজনৈতিক সংকট সমাধানের আগে চলমান অচলবস্থা নিরসন, মানবিক সাহায্য তৎপরতা চালানো এবং সহিংসতা বন্ধের উপায় নিয়ে দুই পক্ষ আলোচনা করবে।
এক সংবাদ সম্মেলনে আনান বলেন, "প্রথম এজেন্ডা হচ্ছে সহিংসতা বন্ধের জন্য সত্ত্বর পদক্ষেপ গ্রহণ করা।" একইসঙ্গে তিনি বলেন, উভয়পক্ষ সোমবার থেকে আলোচনায় বসবে।
তিনি বলেন, "তবে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, সাত থেকে পনেরো দিনের মধ্যে প্রথম তিনটি বিষয়ের সমাধান করার বিষয়ে দলগুলো সম্মত হয়েছে।"
এদিকে, শনিবার একদল যুবক কেনিয়ার রিফট ভ্যালির একটি গির্জা পুড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল উত্তেজিত জনতা এলডোরেট এর কাছের 'গ্রেট হার্ভেস্ট ইভানজেলিক্যাল চার্চ' ঘিরে ফেলে তা পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭০০ ঘ.
bdnews24