ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানি ইউরোনিয়াম নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দুই দেশের মধ্যে এ বিষয়ক একটি বানিজ্য চুক্তি স্বাক্ষর হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুল্লিগুলো জ্বালানির জন্য আরও বেশি পরিমাণ ইউরোনিয়াম সংগ্রহ করতে সমর্থ হবে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন দ্বিপাক্ষিক এই চুক্তির মাধ্যমে রাশিয়ার কাছ থেকে আমদানির ফলে যুক্তরাষ্ট্রের ইউরোনিয়মের বাজারে সরবরাহ স্থিতিশীল থাকবে। তবে একইসঙ্গে তারা দাবি করেছেন যে, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ শিল্প ব্যাহত হবে না।
মার্কিন বানিজ্য সচিব কার্লোস গুতিয়েরেজ বলেছেন, এই চুক্তি রাশিয়ার ইউরোনিয়াম উৎপাদনকে একটি শান্তিপূর্ন উদ্দেশ্যে ব্যবহারে উৎসাহিত করবে এবং রুশ-মার্কিন দ্বিপাক্ষিক বানিজ্যকেও তা উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, এই চুক্তি মার্কিন ইউরোনিয়াম ভোক্তাদের এই নিশ্চয়তা দিবে যে, যুক্তরাষ্ট্রে ইউরোনিয়ামের একটি নিয়মিত উৎস আছে।
রাশিয়ান ফেডারেল এটোমিক এনার্জি এজেন্সি এর পরিচালক সারজে কিরিয়েনকো এবং মার্কিন বানিজ্য সচিব কার্লোজ গুতিয়েরেজ এই চুক্তি স্বাক্ষর করেন। ২০১০ সাল থেকে চুক্তিটি কার্যকর হবে এবং ১০ বছর মেয়াদি চুক্তিটি শেষ হবে ২০২০ সালে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রর বাজারে রাশিয়ার ইউরোনিয়াম আমদানি নিষিদ্ধ ছিল। মার্কিনিদের আশঙ্কা ছিল রাশিয়ার ইউরোনিয়াম তাদের নিজেদের বাজারকে ক্ষতিগ্রস্ত করবে এবং এর ফলে প্রধান আমেরিকান ইউরোনিয়াম সরবরাহকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
রাশিয়ার এ্যাটমিক এনার্জি এজেন্সি'র একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের বাজারের মোট ২০ ভাগ ইউরোনিয়ামই সরাসরি রাশিয়া থেকে নেয়া হবে। যার অর্থ হল যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচটির মধ্যে একটি পারমাণবিক স্টেশন চলবে রাশিয়া থেকে আমদানি করা ইউরোনিয়ামের বদৌলতে।
এই চুক্তি মোতাবেক রুশ ইউরোনিয়ামের প্রথম চালান যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছবে ২০১১ সালে। এই চালানে ১৬ হাজার ৫শ ৫৯ টন ইউরোনিয়াম পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/ ১৫৫০ ঘ.
bdnews24