ক্যানবেরা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাধারণ ইঁদুরের ওপর গবেষণা থেকে জানা গেছে, কীভাবে প্রাচীন যুগে মানুষ ও নির্দিষ্ট কিছু রোগের বিশ্বের বিভিন্ন অংশে স্থানান্তর হয়েছে। অস্ট্রেলীয় বিজ্ঞানীরা এরকম দাবি করেছেন।
৩২টি দেশের ১৬৫টি কালো ইঁদুরের ডিএনএ'র ওপর গবেষণায় এশিয়ার বিভিন্ন অঞ্চলের ইঁদুরের ছয়টি নির্দিষ্ট গোত্র সনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
অস্ট্রেলিয়ার শীর্ষ বিজ্ঞান গবেষকদের সংস্থা- সিএসআইআরও এর প্রধান গবেষক কেন অ্যালপিন বলেন, "ইঁদুরবাহিত কিছু অসুখের প্রাদুর্ভাব কিছু এলাকায় বেশি আবার অনেক এলাকায় কম। এতদিন পরিস্কারভাবে এর কারণ জানা ছিল না। তবে এবার আমাদের গবেষণায় এ ধরনের একটি সম্ভাবনা পাওয়া গেছে যে- কালো ইঁদুরের বিভিন্ন গোত্র নির্দিষ্ট ধরনের রোগের বাহক।"
ইঁদুরের ৫৬টি প্রজাতির মধ্যে সবচেয়ে সাধারণ প্রজাতিটি হচ্ছে কালো ইঁদুর। বাড়িঘরে থাকার কারণে একে হাউস র্যাটও বলে। এর বৈজ্ঞানিক নাম র্যাটাস র্যাটাস। প্লেগ ও টাইফাস রোগের বাহক এ ইঁদুরটি আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকায় পাওয়া যায়।
অ্যালপিন জানান, ভারত, পূর্ব এশিয়া, হিমালয়, থাইল্যান্ড, ম্যাকাও ও ইন্দোনেশিয়া অঞ্চল থেকে ইঁদুরের এ ছয়টি আলাদা গোত্র এসেছে। ইঁদুরের ভারতীয় গোত্রটি প্রায় ২০ হাজার বছর আগে মধ্যপ্রাচ্যে এবং পরে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ে।
পূর্ব এশীয় গোত্রটি তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া হয়ে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে মাইক্রোনেশিয়ায় ছড়িয়ে পড়ে। বাকি চারটি গোত্র তেমন ছড়িয়ে না পড়লেও ভবিষ্যতে এগুলোর বিস্তৃতির সম্ভাবনা আছে বলে জানান তিনি।
অ্যালপিন জানান, মানুষের অভিবাসন ও বাণিজ্য পথের সঙ্গে এই ইঁদুর গোত্রগুলোর ছড়িয়ে পড়ার পথের অনেক মিল পাওয়া গেছে। এ থেকে মানুষ সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়লো তার একটি দিকনির্দেশনা পাওয়া সম্ভব। তবে এ ব্যাপারে আরো গবেষণা দরকার।
তিনি বলেন, "কত প্রকার কালো ইঁদুর বিশ্বে ছড়িয়ে আছে এবং তারা কী ধরনের রোগের হুমকি বহন করছে সে ব্যাপারে আরো জানা দরকার। কালো ইঁদুরের আরও প্রজাতি থাকার ব্যাপারে জিন গবেষণার তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এ ব্যাপারে আরও গবেষণা দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১৫৪৫ঘ.
bdnews24