বেইজিং, ডিসেম্বর, ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে দুধে মেলামিন কেলেঙ্কারিতে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বুধবার অপরাধ স্বীকার করেছেন এক গুঁড়োদুধ কোম্পানির চেয়ারপার্সন তিয়ান ওয়েনহুয়া। ৬৬ বছর বয়স্ক তিয়ান মেলামিন মিশ্রিত দুধ উৎপাদন এবং তা বিক্রির অভিযোগ স্বীকার করে নিয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। মেলামিন মিশ্রিত দুধ পান করে চীনে অন্ততপক্ষে ৬ শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশু অসুস্থ হয়।
বুধবার চীনের হেবেই প্রদেশের রাজধানী সাইজিয়াজুয়াংয়ের একটি আদালতে তিয়ানের সঙ্গে আরও তিনটি গুঁড়োদুধ কোম্পানির নির্বাহী কর্মকর্তার বিচার করা হয়। এ অপরাধে তাদের মৃত্যুদণ্ড হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়।
তবে মেলামিন মিশ্রিত দুগ্ধজাত শিশুখাদ্য উৎপাদন ও তা বিক্রির কারণে তিয়ান ও তার তিন ঊর্ধ্বতন ম্যানেজারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে আদালত। সরকারি পত্রিকা 'দ্য চায়না ডেইলি' বুধবার একথা জানিয়েছে। তবে সিনহুয়া বলেছে, এ অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।
এর আগে গত সপ্তাহে চীনে কাঁচা দুধে মেলামিন মিশিয়ে দুগ্ধজাত খাবার তৈরি করা, কেনা এবং বিক্রি করায় জড়িত থাকার দায়ে আরও ১৭ জনের বিচার করা হয়েছে। মেলামিন মিশ্রিত দুধ পান করে চীনে ৬ শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশু অসুস্থ হয়ে পড়ার পর বিশ্বের বহু দেশ দুগ্ধজাত চীনা খাবার আমদানি নিষিদ্ধ করেছে।
সিনহুয়া জানায়, তিয়ান বুধবার আদালতকে বলেছেন, মে মাসের মাঝামাঝি সময়ে মেলামিন মিশ্রিত দুধ নিয়ে ভোক্তাদের অভিযোগ তার কানে আসে। তখনই বিষয়টি মোকাবেলার জন্য তিয়ান একটি টীম গঠন করেন।
কিন্তু ২ আগস্টের আগে মেলামিন মিশ্রিত দুধের বিষয়টি নিয়ে সাইজিয়াজুয়াং সরকারের কাছে কোনও লিখিত প্রতিবেদন দেননি বলে জানান তিয়ান। সাইজিয়াজুয়াং সরকারও একমাস পর্যন্ত বিষয়টি উর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষকে জানায়নি। ফলে আগস্টে বেইজিং অলিম্পিকের কারণে কর্তৃপক্ষ এই কেলেঙ্কারি নিয়ে হৈচৈ এড়াতে চেয়েছে বলে জল্পনা সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৮
bdnews24