ইসলামাবাদ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মুম্বাইয়ে নভেম্বর মাসে সন্ত্রাসী হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল লস্কর-ই তৈয়্যবার যোগসূত্র খুঁজে পেয়েছে পাকিস্তানের তদন্তকারীরা। 'ওয়াল স্ট্রিট জার্নাল' বুধবার এ খবর জানিয়েছে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থানে নভেম্বরে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ১৭৯ জন নিহত হয়।
হামলার জন্য পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। এ নিয়ে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। বন্ধ রয়েছে দু'দেশের মধ্যকার শান্তি আলোচনাও।
ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার তাদের অনলাইন সংস্করণে জানায়, ডিসেম্বরের প্রথম দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক লস্কর-ই-তৈয়্যবার শীর্ষ নেতা জারার শাহ মুম্বাই হামলার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জারার শাহ'র প্রতি ইঙ্গিত করে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, "তিনি মুখ খুলেছেন।"
ওই কর্মকর্তা আরও বলেন, "মুম্বাই হামলার সময় এক হামলাকারীর সঙ্গে জারার শাহের টেলিফোনে কথা বলার বিষয়টি ধরা পড়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে। কাজেই শাহের স্বীকারক্তিতে সেটির প্রমাণ মিলেছে।"
তবে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানার জন্য পাকিস্তান সরকারের মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরেক তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শাহ স্বীকার করেছেন, তিনি ওই হামলার অন্যতম পরিকল্পনাকারী। হামলার সময় তিনি হামলাকারীদের সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের পরামর্শ দিয়েছিলেন এবং তাদের ওপর নজর রেখেছিলেন।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে চির বৈরি দেশ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তান সফরে নাগরিকদের গত সপ্তাহে সতর্ক করে দেয় ভারত।
অন্যদিকে, দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় সেনাদের ছুটি বাতিল করে পাকিস্তান। ছুটিতে থাকা সেনাদের দ্রুত কাজে যোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
তবে, মুম্বাই হামলার সঙ্গে তাদের কোনো সংশি
bdnews24