গাজা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিধ্বস্ত গাজায় জরুরি ওষুধ, ত্রাণ ও মানবিক সাহায্য সরবরাহের সুবিধার্থে ফ্রান্সের ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি প্রস্তাবকে বুধবার বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে ইসরায়েল।
ওদিকে, বুধবারও গাজায় দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে হামাস যোদ্ধারা ইসরায়েলের অন্যতম প্রধান শহর বীরসেবা-তে রকেট হামলা চালিয়েছে।
সহিংসতা বন্ধের জন্য উভয় পক্ষের ওপর চাপ প্রয়োগ করে চলেছে বিদেশি শক্তিগুলো। অন্যদিকে, যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবসম্মত নয় বললেও তা পুরোপুরি নাকচ করে দেয়নি ইসরায়েল। কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সের প্রস্তাবটি সংশোধনের সুযোগ আছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিগাল পামোর বলেছেন, "(ফ্রান্সের) প্রস্তাবটিতে এমন কোনো নিশ্চয়তা নেই যে, হামাস রকেট হামলা এবং চোরাকারবার বন্ধ করবে।"
গাজায় বিমান হামলার পঞ্চম দিনে ইসরায়েলি মুখপাত্র বলেন, "হামাসের গুলিবর্ষণ ও সন্ত্রাস বন্ধের কোনো ব্যবস্থা ছাড়াই ইসরায়েল এককভাবে যুদ্ধবিরতি কার্যকর করবে এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়।"
বুধবার ইসরায়েলের দুটি বিমান হামলায় গাজায় এক চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যর্র্কমীরা।
অপরদিকে, গাজা সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভেতরে দক্ষিণ ইসরায়েলের বীরসেবা শহরে দুটি রকেট হামলা চালিয়েছে হামাস। এর মধ্যে একটি রকেট বুধবার সকালে একটি স্কুলে আঘাত হানে। তবে স্কুলটি সেসময় বন্ধ ছিল। কেননা, মঙ্গলবার রাতে প্রথম রকেটটি আঘাত হানার পরই স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার স্কুলগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।
ওদিকে,গাজায় বিমন হামলার পাশাপাশি স্থল হামলা শুরুর ইঙ্গিত দিয়ে সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে এবং ট্যাংকসহ ভারী সামরিক যান ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামাদি জড়ো করছে ইসরায়েল। কিন্তু গত কয়দিনের বৃষ্টি থাকায় বুধবার নতুন করে ভারী বর্ষণের কারণে তা বিলম্বিত হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২১ ঘ.
bdnews24