২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে জুতা ছুড়া ইরাকি সাংবাদিকের বিচার পিছালো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজার আল-জাইদির বিচার পিছিয়েছ। জাইদি'র আইনজীবী বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 09:32 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

বাগদাদ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজার আল-জাইদির বিচার পিছিয়েছ। জাইদি'র আইনজীবী বুধবার একথা জানিয়েছেন।

জাইদি'র আইনজীবী ধিহা আল-সাদি জানান, বুশকে জুতা নিক্ষেপ করাকে 'হামলা' হিসেবে গণ্য করা যাবে কিনা-- এ বিষয়ে আপিল আবেদনের শুনানি শেষ না হওয়ায় বিচারের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

এ মাসের শুরুতে ইরাক সফররত মার্কিন প্রেসিডেন্ট বুশ বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি'র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় পা থেকে জুতা খুলে পরপর দুইবার তা বুশকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন এবং বুশকে 'কুত্তা' বলে গালি দেন ইরাকি টিভি সাংবাদিক জাইদি।

এ ঘটনায় জাইদির বিরুদ্ধে বিদেশী রাষ্ট্রপ্রধানকে 'হামলা' এবং 'অপমান' করার অভিযোগ আনা হয়েছে। হামলার অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে জাইদির।

জাইদি'র আইনজীবী ইরাকের কেন্দ্রীয় আপিল আদালতে আপিল করেছেন যে, এই ঘটনাকে 'হামলা' হিসেবে চিহ্নিত করে জাইদির বিরুদ্ধে হামলার অভিযোগ গঠন করা যাবে না। বরং একে শুধুমাত্র 'অপমান' হিসেবে দেখতে হবে। কেননা জুতা ছুড়ার কারণে বুশ সত্যিকার অর্থে জীবনসংশয়ের হুমকিতে পড়তেন না। এ আপীল গৃহীত হলে বিদেশি রাষ্ট্রপ্রধানকে 'অপমান' করার দায়ে জাইদির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

আইনজীবী ধিহা আল-সাদি সাংবাদিকদের বলেন, "আপনারা কি কখনো জুতার আঘাতে কারও মৃত্যুর কথা শুনেছেন ?" তিনি বলেন, "ইউরোপে কাউকে অপমান করতে হলে তারা ডিম কিংবা পচা টমেটো ছুঁেড় মারে। ইরাকে কাউকে অশ্রদ্ধার প্রতীক হল জুতা মারা।"

ইরাকের 'উচ্চ বিচারিক পরিষদ' এর মুখপাত্র আব্দুল সাতার বিরকাদর বলেছেন, জাইদির আপিল পর্যালোচনা করে দেখা হবে। এজন্য পূর্বনির্ধারিত তারিখ ৩১ ডিসেম্বরে তার বিচার শুরু করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫২১ ঘ.