ব্যাংকক, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা নতুন বছর ২০০৯ সালে আরও জোরালো বিক্ষোভে নামার ডাক দিয়েছে বুধবার। নতুন করে নির্বাচন দেওয়ার জন্য নতুন থাই সরকারের ওপর চাপ সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।
নতুন বছরে নতুন করে রাজনৈতিক বিবাদের এই আগাম বার্তা দিয়ে থাকসিনপন্থি নেতারা একথা বলেও সতর্ক করে দেন যে, ফেব্র"য়ারিতে ব্যাংককে অনুষ্ঠিতব্য সম্মেলনকে তারা সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য কাজে লাগাবেন।
এর আগে গত রোববার নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু করে সিনাওয়াত্রার শ' শ' সমর্থক। সোমবার তারা পার্লামেন্ট ঘেরাও করায় পিছিয়ে যায় প্রধানমন্ত্রীর উদ্বেধানী ভাষণ।
পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার প্রথম ভাষণের আগেই বিরোধিরা নতুন করে নির্বাচনের দাবি জানায়। তারা অভিসিতের প্রধানমন্ত্রীত্বের বিরোধিতা করে তার পদত্যাগ দাবি করে।
দুই সপ্তাহ আগে ডেমোক্র্যাট পার্টি নেতা অভিসিৎকে প্রধানমন্ত্রী নির্বাচন করে পার্লামেন্ট।
এর আগে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা।
বুধবার 'ডেমেক্র্যাটিক এলায়েন্স এগেইন্সট ডিকটেটরশীপ' (ডিএএডি)-- এর নেতা বীরা মুসিকাপং বলেন, "নববর্ষের ছূটির দিনগুলোতে আবারও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার বিষয়টি নিয়ে আমাদের ডিএএডি নেতাদের মধ্যে আলোচনা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৩ ঘ.
bdnews24