জাতিসংঘ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ মহাসচিব বান কি মুন রোববার অবিলম্বে গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি গেরিলা দল হামাসের রকেট হামলার জবাবে গাজায় চলমান ইসরায়েলি হামলায় তিন শতাধিক মানুষের প্রাণহানির পরিপ্রেক্ষিতে বান এ আহ্বান জানালেন।
বানের মুখপাত্রের ইস্যুকৃত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকালে জাতিসংঘ মহাসচিব লড়াইরত দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জড়িত চারপক্ষ ইইউ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জাতিসংঘ দূতদের সঙ্গেও বান আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, গাজার লড়াইয়ে রোববার সন্ধ্যারাতের মধ্যে অন্ততপক্ষে ৩০০ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন জাতিসংঘ ত্রাণকর্মী এবং ৮ জন জাতিসংঘ ত্রাণ প্রশিক্ষণার্থী রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, বান তৃতীয়দিনের মতো গাজায় চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন এবং আরও একবার সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৬ ঘ.
bdnews24