২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দামান দ্বীপে বাংলাদেশীসহ ৩০০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আন্দামান দ্বীপপুঞ্জে সাগরে ডুবে প্রায় ৩০০ অবৈধ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদের বেশির ভাগই বাংলাদেশী। সাঁতরে তীরে ওঠার আশায় নৌকা থেকে লাফিয়ে পড়ে ওই ৩০০ অভিবাসী নিখোঁজ হয়। ভারতের এক উপকূলীয় প্রহরী রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

পোর্ট ব্লেয়ার, ভারত, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্দামান দ্বীপপুঞ্জে সাগরে ডুবে প্রায় ৩০০ অবৈধ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদের বেশির ভাগই বাংলাদেশী। সাঁতরে তীরে ওঠার আশায় নৌকা থেকে লাফিয়ে পড়ে ওই ৩০০ অভিবাসী নিখোঁজ হয়। ভারতের এক উপকূলীয় প্রহরী রোববার একথা জানিয়েছেন। উপকূলীয় গার্ড বাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, তারা শনিবার আন্দামান দ্বীপের একটি ছোট্ট নৌকা থেকে ৮৮ জনকে উদ্ধার করেছেন। কাছাকাছি 'স্যান্ডি পয়েন্ট' দ্বীপে পাওয়া গেছে আরও ১১ জনকে। আন্দামানের উপকূলীয় গার্ড বাহিনীর কমান্ডার এস পি শর্মা একথা জানান। তিনি আরও জানান, প্রায় ৩০০ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পোর্ট ব্লেয়ারে সাংবাদিকদের শর্মা জানান, "ওই ৩০০ জন সাঁতরে তীরে ওঠার আশায় নৌকা থেকে সাগরে ঝাঁপ দিয়েছিল বলে তারা খবর পেয়েছেন। তাদের সবাই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।" তবে তিনি বলেন, উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধার হওয়া অভিবাসী মোহাম্মদ ইসমাইল আরাফাত জানিয়েছেন, নৌকাটিতে ৪১২ জন মানুষ ছিল। তাদের বয়স ১৮ থেকে ৬০ এর মধ্যে। দীর্ঘ যাত্রাপথে তাদের সঙ্গে খাবার ছিল খুব অল্পই। শর্মা জানান, আরাফাত সাগরে ৭ জনের মৃত্যুর খবর পুলিশকে জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিবাসীরা মালয়েশিয়াগামী যন্ত্রচালিত ছয়টি নৌকায় করে ৪৫ দিন আগে বাংলাদেশ ছাড়ে। এরপর যাত্রপাথে তারা কয়েকবার নৌ-যান বদলও করেছে। আরাফাত বলেন, তিনি ও অন্যান্যরা বাংলাদেশী দালালকে অর্থকড়ি দিয়ে এ পথে যাত্রা করেছেন। ১০-১৫ দিনের এই যাত্রায় শেষ পর্যন্ত একটি বাতিঘরের দেখা মিলতেই বহু মানুষ পানিতে ঝাঁপ দেয় বলে জানান আরাফাত। উপকূলে প্রহরীদের চিরুনি অভিযান চলছে এবং পুলিশ আশেপাশের দ্বীপগুলোতে তল্লাশি চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩০৮ ঘ.