ব্যাংকক, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের নতুন সরকারের বিরোধিরা রোববার রাজধানী ব্যাংককে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে। নতুন প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা পার্লামেন্টে প্রথম বক্তৃতা দেওয়ার আগেরদিন বিরোধিরা এই দাবি জানাল।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাজার হাজার সমর্থক গ্রান্ড প্যালেসের কাছে জড়ো হয়। তবে তাদের দৃষ্টি পার্লামেন্টের দিকে। দুই সপ্তাহ আগে ডেমোক্র্যাট পার্টি নেতা অভিসিৎকে প্রধানমন্ত্রী নির্বাচন করে পার্লামেন্ট।
এর আগে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা।
'ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এগেইনস্ট ডিকটেটরশিপ' (ডিএএডি) এর নেতা জাতুপর্ন প্রমপান রয়টার্সকে বলেন, "সোমবার আমরা অবশ্যই পার্লামেন্ট অভিমুখে যাত্রা করব। আমাদের উদ্দেশ্য পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিতে প্রধানমন্ত্রী অভিসিতের ওপর চাপ সৃষ্টি করা।"
তবে অভিসিৎকে পার্লামেন্টে বক্তৃতা দেওয়া থেকে বিরত রাখার কোনো পরিকল্পনা ডিএএডি'র নেই বলে তিনি জানান।
জাতুপর্ন বলেন, "সরকারি এমপিদের পার্লামেন্টে ঢুকতে আমরা বাধা দেব না।"
তিনি আরও বলেন, "পার্লামন্টে পানি বা বিদ্যুৎ সরবরাহ আমরা বন্ধ করে দেব না।" সাবেক প্রধানমন্ত্রী থাকসিন ও তৎপরবর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের সময় 'পিপলস এলায়েন্স ফল ডেমোক্র্যাসি' (পিএডি) বিক্ষোভকারীরা এ ধরনের কৌশল অবলম্বন করেছিল। পিএডিতে অভিসিতের ডেমোক্র্যাট দলের এমপিরাও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১০ ঘ.
bdnews24