সিডনি, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়ানতানামো বন্দিশিবির বন্ধ করে দেওয়ার পর সেখানকার কিছু কারাবন্দিকে গ্রহণ ও পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র। শনিবার অস্ট্রেলিয়ার গণমাধ্যম এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গীকার করেছেন যে, ক্ষমতা গ্রহণের পর দক্ষিণ কিউবার মার্কিন নৌ-ঘাঁটিতে অবস্থিত বহুল সমালোচিত এই বন্দিশিবিরটি বন্ধ করে দিবেন তিনি। এ পরিপ্রেক্ষিতেই গুয়ানতানামো বন্দিদের স্থানান্তর ও পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাডের এক মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়, "অস্ট্রেলিয়াসহ অন্য কিছু দেশকে গুয়ানতানামোর কারাবন্দিদের পুনর্বাসনের জন্য অনুরোধ করা হয়েছে।"
প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়ায় আসার বিষয়ে প্রত্যেক ব্যক্তিকেই আলাদা আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং ঢালাও কোনো সুযোগ দেওয়া হবে না।
মুখপাত্র বলেন, "আসতে সম্মতি দেওয়া হবে এমন প্রত্যেক ব্যক্তিকেই অস্ট্রেলিয়ার কঠোর আইনি মানদণ্ড পূরণ করতে হবে এবং প্রচলিত সাধারণ নিয়মানুসারে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মধ্য দিয়ে পার হতে হবে।"
বর্তমান বিশ্বে অবৈধ গ্রেপ্তার-জেল-জুলুমের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন ও বন্দি নির্যাতনের প্রতীকে পরিণত হয়েছে বহুল সমালোচিত এই মার্কিন বন্দিশিবিরটি। গুয়ানতানামো কারাগারে বর্তমানে প্রায় ২৫০ জন কারাবন্দি রয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১১ ই সেপ্টেম্বর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ মোহাম্মদ শেখ এর মতো অনেক খ্যাতনামা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০০ ঘ.
bdnews24