বেইজিং, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিব্বতে গুজব ছড়িয়ে জাতিগত সহিংসতা ও ঘৃণা উস্কে দেওয়া এবং 'প্রতিক্রিয়াশীল' গান প্রচারের চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগ এনে দালাই লামার অনুসারী সন্দেহে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে চীন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা চায়না নিউজ সার্ভিস বৃহস্পতিবার একথা জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, আটককৃতরা তিব্বতিদের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রভাবে ইন্টারনেট থেকে "প্রতিক্রিয়াশীল" গান ডাউনলোড করা এবং তিব্বতে সেসব প্রচারের চেষ্টায় লিপ্ত ছিল বলে অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, "মার্চের সহিংস ঘটনার পর হীন উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী দালাই লামার লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছিল এবং জাতিগত বিরোধে উস্কানি দিয়ে জাতীয় ও ব্যক্তি নিরাপত্তায় হুমকি সৃষ্টি করা হচ্ছিল।"
প্রতিবেদনে আরও বলা হয়, ইন্টারনেট থেকে নিয়মবহির্ভূতভাবে ডাউনলোড করা তিব্বতি জাতীয়তাবাদী গান বিক্রির সঙ্গে জড়িতদের খুঁেজ বের করতে তিব্বতের রাজধানী লাসা'র বিপণীবিতানগুলোতে তল্লাশি অভিযান চালায় পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, "এইসব লোক সহিংসতা ছড়িয়ে লাসার রাজনৈতিক স্থিতাবস্থা বিনষ্ট করতে চায়।"
চীনা সেনাবাহিনী ১৯৫০ সালে তিব্বতে অভিযান শুরু করে এবং চীনা শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর ১৯৫৯ সালে দালাই লামা ভারতে পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/ু১৬১৫ ঘ.
bdnews24