ইসলামাবাদ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলা তদন্তে সহযোগিতার প্রস্তাব মেনে নেওয়ার জন্য বুধবার ভারতকে আহ্বান জানিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। একইসঙ্গে তারা দু'দেশের মধ্যে 'যুদ্ধ উত্তেজনা'রও নিন্দা জানিয়েছে। গত মাসে ভারতের মুম্বাইয়ে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ১৭৯ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে।
হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবা দায়ী বলে অভিযোগ করেছে ভারত। ওদিকে, হামলায় কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে পাকিস্তান সরকার হামলা তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে তারা জোর দিয়ে এও বলেছে যে, পাকিস্তানের জঙ্গিরা জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার ভারতকে দেওয়া সহযোগিতা প্রস্তাবে সরকারকে সমর্থন জানিয়ে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবনা পাস হয়েছে। একইসঙ্গে উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের চেষ্টায় সহযোগিতা করতে ওই প্রস্তাব গ্রহণের জন্য নয়া দিল্লির প্রতি আহ্বানও জানানো হয়েছে প্রস্তাবনায়।
জাতীয় পরিষদে প্রস্তাব উত্থাপনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মালিক এমাদ খান বলেন, "পাকিস্তান সরকার যে গঠনমূলক প্রস্তাব দিয়েছে, ভারতকে তা গ্রহণের আহ্বান জানাচ্ছে জাতীয় পরিষদ।"
একইসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সংযম প্রদর্শনের জন্য ভারতের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি বিদ্যমান পরিস্থিতিতে 'যুদ্ধ উত্তেজনা'র নিন্দা জানিয়েছে পার্লামেন্ট।
ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মুম্বাই হামলার জন্য পাকিস্তানের লস্কর-ই- তৈয়্যবাকে দায়ী করে দাবি করেছে, পাকিস্তানকে অবশ্যই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১০
bdnews24