২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-হামাস নতুন যুদ্ধবিরতির আশা ক্ষীণ

গাজায় ইসরায়েলি সেনাদের অভিযান এবং ইসরায়েলে গাজার নিয়ন্ত্রণকারী দল হামাসের রকেট হামলায় নতুন করে সহিংসতা শুরু হওয়ায় বুধবার এ দুই প্রতিপক্ষের মধ্যে নতুন যুদ্ধবিরতির আশা ক্ষীণ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

গাজা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় ইসরায়েলি সেনাদের অভিযান এবং ইসরায়েলে গাজার নিয়ন্ত্রণকারী দল হামাসের রকেট হামলায় নতুন করে সহিংসতা শুরু হওয়ায় বুধবার এ দুই প্রতিপক্ষের মধ্যে নতুন যুদ্ধবিরতির আশা ক্ষীণ হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের সেনারা সীমান্ত পেরিয়ে উত্তর গাজায় তিন বন্দুকধারীকে হত্যা করেছে। তাদের দাবি ওই বন্দুকধারীরা ইসরায়েল-গাজা সীমান্ত প্রাচীরের কাছে একটি বোমা পেতে রাখার কাজ করছিল। এরপরই হামাস দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকদফা রকেট হামলা চালায় এবং মর্টারের গোলা বর্ষণ করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা কমপক্ষে ৭টি রকেট হামলা চালিয়েছে এবং ১০টি মর্টার শেল নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পিটার লারনার জানিয়েছেন, এসব রকেট হামলার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত পারাপার বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার নতুন অস্ত্রবিরতির বিষয়ে বিবেচনা করার কথা জানিয়েছিল হামাস। তবে বিনিময়ে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সীমান্ত পারপার পথ দিয়ে সাহায্য ও জ্বালানি সরবরাহের নিশ্চয়তার কথা উল্লেখ করেছিল তারা। মঙ্গলবার হামাসের এক মুখপাত্র একথা জানান। গত শুক্রবার ইসরায়েলের সঙ্গে ছয়মাসের পুরনো যুদ্ধবিরতিটিকে বাতিল ঘোষণা করে হামাস। একইসঙ্গে অস্ত্রবিরতি চুক্তি নবায়নের বিষয়টিও নাকচ করে দেয় তারা। এরপরই গাজা সীমান্ত থেকে ইসরায়েলে রকেট হামলা বাড়িয়ে দেয় হামাস। অন্যদিকে, ইসরায়েলি সেনারা গাজায় অভিযান বাড়িয়ে দেয়। একইদিনে হামাসের মুখপাত্র ফওজি বারহাম বলেছিলেন, হামাস এবং গাজার অন্য উপদলগুলো ইসরায়েলের সঙ্গে একটি নতুন যুদ্ধবিরতির বিষয় বিবেচনা করে দেখছে। ওদিকে, অচলাবস্থা নিরসনের ইঙ্গিত দিয়ে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছিলেন পণ্য আমদানির জন্য বুধবার গাজার সঙ্গে দুটি সীমান্ত পারাপার পথ খুলে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েল গাজার সঙ্গে সীমান্ত পারাপার পথগুলো বন্ধ করে দেওয়ায় গাজা ছিটমহলের ১৫ লাখ অধিবাসীর জীবনের দু:খ দুর্দশা আরও বেড়ে যায়। জ্বালানি সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় গাজার প্রধান বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায় এবং প্রবেশের সুযোগ না থাকায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সাময়িকভাবে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়। এমন এক সময়ে এসব সহিংসতার ঘটনা ঘটল যার দুদিন বাদেই মিসরের রাজধানী কায়রোতে দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি'র সঙ্গে একটি সমঝোতা বৈঠকে যোগ দেওয়ার কথা হামাসের। আগামী ১০ ফেব্র"য়ারির নির্বাচনে ইসরায়েলে প্রধানমন্ত্রী পদের অন্যতম জনপ্রিয় প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪০ ঘ.