২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে 'বিশ্বের সবচেয়ে বড়' বরফের সান্তা ক্লস বানাচ্ছে চীন

বৃহস্পতিবার বড়দিন। এবারের বড়দিনে চীনের বরফ নগরী খ্যাত হারবিনের চমক বরফ দিয়ে তৈরী বিশালাকৃতির এক সান্তা ক্লস ভাস্কর্য। আয়োজকদের দাবি এটাই বিশ্বের সবচেয়ে বড় বরফের সান্তা ক্লস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

হারবিন, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৃহস্পতিবার বড়দিন। এবারের বড়দিনে চীনের বরফ নগরী খ্যাত হারবিনের চমক বরফ দিয়ে তৈরী বিশালাকৃতির এক সান্তা ক্লস ভাস্কর্য। আয়োজকদের দাবি এটাই বিশ্বের সবচেয়ে বড় বরফের সান্তা ক্লস। সাইবেরিয়ার কাছে চীনের সবচেয়ে উত্তরের ও ঠাণ্ডা প্রদেশ হেইলংজিয়াং এর রাজধানী শহর হারবিনে এ সান্তা ক্লসকে নিয়ে চলছে মহা ধুমধাম। এমনিতেই প্রতি বছর সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় বরফ উৎসব আয়োজনের জন্য বিখ্যাত হারবিন। তার ওপর এবার বিশ্বের সবচেয়ে বড় বরফের সান্তা ক্লস বানানোর ঘোষণা দেওয়ায় তা বাড়তি মনযোগ আকর্ষণ করেছে পর্যটক ও গণমাধ্যমের। আয়োজকরা জানিয়েছেন, সান্তা ক্লস ভাস্কর্যটি ১৬০ মিটার দীর্ঘ এবং ২৪ মিটার উচ্চতার। ভাস্কর্যটির কেন্দ্রে থাকছে 'ফাদার ক্রিসমাস' এর হাস্যোজ্জ্বল মুখ। আর দুপাশে ছড়িয়ে থাকছে তার হ্যাট আর বাহারি দাড়ির বিস্তার। চীনের শীতলতম ওই অঞ্চলের তাপমাত্রা শীতকালে প্রায় মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তবে এবারের আবহাওয়ায় এখনও পুরোমাত্রায় তুষারপাত চলছে না। ফলে ঠাণ্ডা আর উষ্ণতার দোলাচলে বিপাকে পড়েছেন বরফ ভাস্কর্যের কারিগর ভাস্কররা। ভাষ্করদের একজন তাং গুয়াংজুন বললেন, "এটা গত বছরেরটার চেয়েও অনেক বড় এবং অনেক কঠিন। আবহাওয়া ঠাণ্ডা আর গরমের মধ্যে ঘুরপাক খাওয়ায় বরফ অনেক ভেজা ভেজা হয়ে যাচ্ছে এবং পিচ্ছিলতার কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে। এটা আমাদের জন্য বিপজ্জনক।" আয়োজকরা বলছেন, আবহাওয়ার বিপাকের কারণে তাদেরকে কৃত্রিমভাবে তুষারপাতের ব্যবস্থা করতে হচ্ছে। চীনের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যেই কয়েক হাজার পর্যটক বরফের মধ্যে 'সাদা বড়দিন' বা 'হোয়াইট ক্রিসমাস' উদযাপনের জন্য হারবিনে ভিড় জমিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.