২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ সেনা অবস্থানের অনুমতি দিল ইরাকি পার্লামেন্ট

এ বছরের শেষে ইরাকে বিদেশি সেনা অবস্থানের জাতিসংঘ মেয়াদ পেরোনোর পরও ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের সেনাদের ইরাকে থেকে যাওয়ার অনুমোদন দিয়েছে ইরাকি পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 06:55 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

বাগদাদ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ বছরের শেষে ইরাকে বিদেশি সেনা অবস্থানের জাতিসংঘ মেয়াদ পেরোনোর পরও ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের সেনাদের ইরাকে থেকে যাওয়ার অনুমোদন দিয়েছে ইরাকি পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। ব্রিটেনসহ অন্য কয়েকটি দেশের সেনা অবস্থানের মেয়াদ বাড়ানো হবে কি না তা নিয়ে পার্লামেন্টে বিরোধের কারণে এ ভোট গ্রহণ বেশ কয়েকদিন পিছিয়ে যায় এবং মঙ্গলবার ভোটের আগে স্পিকার পদত্যাগ করেন। ইরাকি পার্লামেন্টের ডেপুটি স্পিকার খালিদ আল আত্তিয়া জানান, "আমরা যুক্তরাষ্ট্রের সেনা ছাড়া বাকী সব বিদেশি সেনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে অনুমোদন দিয়েছি।" তিনি আরও জানান, এ পদক্ষেপের কারণে কয়েকটি দেশের সেনারা ২০০৯ সালের জুলাই পর্যন্ত ইরাকে অবস্থান করতে পারবে। ডিসেম্বর মাসের বাকী কয়েকদিনের মধ্যেই ইরাকে বিদেশি সেনা অবস্থানের জাতিসংঘ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্রিটেন, অস্ট্রেলিয়া, রোমানিয়া, এস্তোনিয়া এবং ন্যাটোর সেনারা ইরাকে অবস্থানের জন্য নতুন চুক্তির অপেক্ষা করছিল। ইরাকি এমপিরা জানিয়েছেন, পার্লামেন্টের এ পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এখন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বর্ধিত সেনা অবস্থান সম্পর্কিত চুক্তি করার বৈধতা পেলেন, এবং নতুন চুক্তি অনুমোদনের জন্য তাকে আর পার্লামেন্টে আসতে হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৪১ ঘ.