২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে পৌঁছল দুই চীনা পান্ডা

চীন থেকে তাইওয়ানে পৌঁছেছে দুই পান্ডা 'তুয়ান তুয়ান' আর 'ইউয়ান ইউয়ান'। একসঙ্গে দুই নামের অর্থ 'ঐক্য'। ফলে বেইজিং-তাইপে দু'য়ের মধ্যে ঐক্যের বন্ধন গড়ার আশা জাগিয়েছে দুই পান্ডার এই তাইওয়ান গমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চেংডু, চীন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)---চীন থেকে তাইওয়ানে পৌঁছেছে দুই পান্ডা 'তুয়ান তুয়ান' আর 'ইউয়ান ইউয়ান'। একসঙ্গে দুই নামের অর্থ 'ঐক্য'। ফলে বেইজিং-তাইপে দু'য়ের মধ্যে ঐক্যের বন্ধন গড়ার আশা জাগিয়েছে দুই পান্ডার এই তাইওয়ান গমন। পান্ডা দুটিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি প্রহরার মধ্য দিয়ে পান্ডা দুটিকে তাইপের জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পর তাদেরকে ৩০০ মিলিয়ন তাইওয়ানি ডলার (৯ দশমিক ২৪ মিলিয়ন ডলার) মূল্যের ভবনে রাখা হয়। সেখানে পান্ডা দুটিকে দেখতে ভিড় করে লোকজন। তবে তাইওয়ানের সবাই দুই চীনা পান্ডার আগমনকে স্বাগত জানায়নি। তাইওয়ানের স্বাধীনতাপন্থি ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি পান্ডা চুক্তির সমালোচনা করেছে। দুই পান্ডার নামের অর্থ 'ঐক্য'-- এর মধ্য দিয়ে বেইজিংয়ের তাইওয়ানকে এর কব্জায় নেওয়ার লক্ষ্য স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে তারা। মঙ্গলবার পান্ডা দুটি দক্ষিণ চীনের পার্বত্য প্রদেশ সিচুয়ানে তাদের আবাসস্থল ছেড়ে যায়। পান্ডাদের বিশেষ সংরক্ষাণাগার ছেড়ে এই স্ত্রী ও পুরুষ পাণ্ডাদুটিকে নিয়ে যাওয়া হয় প্রাদেশিক রাজধানী চেংডুতে। সেখান থেকে তারা বিমানে করে পাড়ি জমায় তাইওয়ানের উদ্দেশ্যে। তাইওয়ানের সঙ্গে সম্পর্কোন্নয়নের কূটনীতির অংশ হিসেবেই এই পাণ্ডাদুটিকে উপহার দিয়েছে চীন। চিড়িয়াখানায় পান্ডা দুটির প্রজননের চেষ্টা চালানো হবে। চেষ্টা সফল হলে ফিরতি শুভেচ্ছা হিসেবে তুয়ান তুয়ান আর ইউয়ান ইউয়ানের সন্তানদের কোনো এক বা একাধিকটিকে পাঠিয়ে দেয়া হবে তাদের পূর্বসূরীদের আদি নিবাস চীনে। ঐক্যের বন্ধন গড়তে ২০০৬ সালেই এই পান্ডাদুটিকে শুভেচ্ছা উপহার হিসেবে তাইওয়ানকে দিতে চেয়েছিল চীন। কিন্তু তৎকালীন চীন-বিরোধী তাইওয়ানি প্রেসিডেন্ট সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করা চীন তার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপটিকে একীভূত করার ইচ্ছার কথা বরাবরই বলে আসছে। এমনকি প্রয়োজনে এজন্য বলপ্রয়োগে দ্বিধা না করার কথাও তারা বহুবার বলেছে। তবে এ বছর তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী হিসেবে পরিচিত মা ইং-জিও নির্বাচিত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বৈরিতার কঠিন বরফ গলতে শুরু করেছে। দুই পক্ষের নেতাদের কয়েকদফা সফর এবং বেশ কয়েকটি চুক্তির মধ্য দিয়ে ইতিমধ্যেই একটি ঐক্যের বন্ধন শুরু হয়েছে চীন-তাইওয়ান সম্পর্কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৫০ ঘ.