ওয়াশিংটন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবিরের বন্দিদের পুনর্বাসনের কথা বিবেচনা করছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। নতুন ওবামা প্রশাসনের সৌজন্যে ইউরোপ এ পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা করছে। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে।
ইউরোপীয় ও মার্কিন কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ইউরোপীয় কর্মকর্তারা প্রেসিডেন্ট বারাক ওবামা টিমকে আপাতত একটি প্রস্তাব দিয়েছে। কিন্তু ওবামার উপদেষ্টারা বলেছেন, তারা ২০ জানুয়ারিতে ওবামার দায়িত্বগ্রহণের পরই কেবল এ বিষয়টি নিয়ে আলাপ করতে পারবেন।
গুয়ান্তানামো বে বন্দিশিবিরে প্রায় ২৫০ বন্দি আছে। এদের মধ্যে আছে ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হোতা হিসাবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ। আগ্রাসী জিজজ্ঞাসাবাদ পদ্ধতির জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ শিবিরে বন্দি নির্যাতনের অভিযোগ উঠেছিল।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই শিবির বন্ধ করে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
ওয়াশিংটন পোস্ট জানায়, জার্মানি এবং পর্তুগাল প্রকাশ্যেই গুয়ান্তানামো বন্দিদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে। কিন্তু গুয়ান্তানামো বন্দিদের নেওয়ার বুশ প্রশাসনের অনুরোধ ইউরোপের দেশগুলো এতদিন প্রত্যাখ্যান করে এসেছে বলেও জানায় পত্রিকাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ ঘ.
bdnews24