নাগোয়া, জাপান, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- প্রথমবারের মতো লোকসানের মুখে পড়া বিশ্বের সবচেয়ে বড় মোটরগাড়ি নির্মাণ প্রতিষ্ঠান জাপানের 'টয়োটা মোটর কর্পোরেশন' এপ্রিলে প্রেসিডেন্ট পরিবর্তন করবে। জাপানের দৈনিক আশাহি শিম্বুন পত্রিকা মঙ্গলবার এ খবর জানিয়েছে।
পত্রিকাটি জানায়, টয়োটার অন্যতম প্রতিষ্ঠাতা এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আকিও টোয়োডা এপ্রিলে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। আর বর্তমান প্রেসিডেন্ট কাতসুয়াকি ওয়াতানবে হবেন ভাইস চেয়ারম্যান। ওয়াতানবে ২০০৫ সাল থেকে টয়োটার প্রেসিডেন্ট হিসাবে কাজ করে আসছেন।
টয়োটা সোমবার প্রথমবারের মতো লোকসানের আশঙ্কা প্রকাশ করার পরপরই প্রেসিডেন্ট পরিবর্তনের এই খবর এল। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে গাড়িবাজারের ধস এবং জাপানের মুদ্রা ইয়েনের মূল্য বাড়ার কারণে রপ্তানি কমে যাওয়ায় টয়োটায় এই লোকসানের আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায় উন্নতির লক্ষ্যেই শীর্ষ ব্যবস্থাপনায় এই পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আশাহি শিম্বুন।
তবে টয়োটার এক মুখপাত্র বলেছেন, কোনওকিছুরই সিদ্ধান্ত হয়নি।
৭১ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম লোকাসানের মুখে পড়েছে টয়োটা।
টয়োটা জানিয়েছে, বার্ষিক হিসেবে ১৫০ বিলিয়ন ইয়েন (১ দশমিক ১ বিলিয়ন পাউন্ড) লোকসান হতে পারে বলে ধারণা করছে তারা। যদিও গত অর্থ বছরে ২ দশমিক ২৭ ট্রিলিয়ন ইয়েন লাভ করেছিল প্রতিষ্ঠানটি।
রেকর্ড পরিমাণ রপ্তানি কমে যাওয়ায় নভেম্বর মাসে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বাণিজ্য ঘটাতির কথা জানায় জাপান। অন্যদিকে, ইয়েনের মূল্য বাড়তে থাকায় এক বছর আগের তুলনায় ২৬ দশমিক ৭ ভাগ রপ্তানি কমে যাওয়ার কথা জানায় জাপানের অর্থ মন্ত্রণালয়।
এ অবস্থায় গত সাত সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মুনাফাসংক্রান্ত সতর্কতা জারি করতে যাচ্ছে টয়োটা। ওদিকে, শীর্ষ অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী হোন্ডা মোটর কোম্পানিও নিয়মিত রুটিনের বাইরে তাদের মুনাফা সতর্কতা জারি করে।
দাইওয়া এসবি ইনভেস্টমেন্টস এ টয়োটার প্রধান ম্যানেজার কোইচি ওগানা সোমবার বলেন, "এটা খুব, খুব, খুব খারাপ"। তিনি আরও বলেন, "এমন আশঙ্কাও আছে যে, পরবর্তী অর্থ বছরেও এটা লোকসানের ঘরে থাকতে পারে।"
"এটা শুধু টয়োটার জন্য সমস্যা না। টয়োটার জন্য যা ভাল তা জাপানি অর্থনীতির জন্যও ভাল।" বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫৮ ঘ.
bdnews24