২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিনিতে ক্ষমতা দখল করল সেনাবাহিনী

গিনির প্রেসিডেন্টের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই সরকার ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করে মঙ্গলবার শাসনক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। সোমবার সন্ধ্যায় গিনির প্রেসিডেন্ট জেনারেল লানসানা কোন্তে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

কোনাক্রি, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - গিনির প্রেসিডেন্টের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই সরকার ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করে মঙ্গলবার শাসনক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। সোমবার সন্ধ্যায় গিনির প্রেসিডেন্ট জেনারেল লানসানা কোন্তে মারা যান। প্রেসিডেন্ট লানসানা কোন্তে ঠিক কিভাবে মারা গেছেন তার বিস্তারিত জানা যায়নি। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ডায়াবেটিসে ভুগছিলেন। রাষ্ট্রীয় বেতারে প্রচারিত এক বার্তায় সেনাবাহিনীর ক্যাপ্টেন মুসা দাদিস কামারা মঙ্গলবার ঘোষণা করেন, বেসামরিক এবং সামরিক নেতাদের একটি 'পরামর্শক পরিষদ' আপাতত সরকারের স্থলাভিষিক্ত হবে। তিনি বলেন, "দেশ যে সংকটের মুখোমুখি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তা মোকাবেলা করতে অক্ষম।" ওই বেতার বার্তায় আরও বলা হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই একজন নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে। একইসঙ্গে দুর্নীতি মোকাবেলা করে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য একজন নতুন প্রধানমন্ত্রী ও নতুন সরকারের নাম ঘোষণার কথাও জানানো হয়েছে বার্তায়। ওদিকে, রাষ্ট্রীয় রেডিও স্টেশনে অবস্থানকারী সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা রয়টার্সকে জানান, মঙ্গলবার সকালের দিকে সেনাবাহিনীর একদল সৈনিক সেখানে এসে স্টেশনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তাদের হাতে থাকা একটি ঘোষণাপত্র প্রচার করতে দিতে কর্মচারীদের বাধ্য করে। এর আগে সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানান ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার স্পিকার আবুবাকার সোমপারে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, "আপনাদেরকে এই মহা দুঃসংবাদ জানানোর কঠিন এবং গুরুদায়িত্ব আমার ওপর বর্তেছে যে, দীর্ঘদিন অসুস্থতার পর গিনি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জেনারেল লানসানা কোন্তে (সোমবার) সন্ধ্যা ১৮৪৫ মিনিটে মারা গেছেন।" স্পিকার সোমপারে ওই বার্তায় প্রেসিডেন্ট কোন্তের প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। স্পিকারের এ টেলিভিশন ভাষণের সময় প্রধানমন্ত্রী আহমেদ তিদানি সোয়ারে এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ডায়ারা কামারা তার সঙ্গে ছিলেন। স্পিকার সোমপারে একইসঙ্গে গিনির সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন সাংবিধানিক নিয়ম অনুসারে তাকে ৬০ দিনের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করতে। এই ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে গিনির সংবিধানে। ১৯৮৪ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে গিনির ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল লানসানা কোন্তে। দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর পরবর্তী তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এবং গত ২৪ বছর ধরে অত্যন্ত কঠোর হাতে দেশ শাসন করেন কোন্তে। দেশে এবং দেশের বাইরে গিনির লৌহমানব হিসেবে পরিচিত ছিলেন জেনারেল কোন্তে। খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও দেশটির অধিকাংশ জনগণই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। সা