২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিনি'র প্রেসিডেন্ট লানসানা কোন্তে মারা গেছেন

গিনি'র প্রেসিডেন্ট লানসানা কোন্তে সোমবার সন্ধ্যায় মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় একথা জানানো হয়েছে। গিনি'র দ্বিতীয় প্রেসিডেন্ট সাবেক এই জেনারেল দীর্ঘদিন ধরে নানাবিধ অসুখে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 06:26 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

কোনাক্রি, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গিনি'র প্রেসিডেন্ট লানসানা কোন্তে সোমবার সন্ধ্যায় মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় একথা জানানো হয়েছে। গিনি'র দ্বিতীয় প্রেসিডেন্ট সাবেক এই জেনারেল দীর্ঘদিন ধরে নানাবিধ অসুখে ভুগছিলেন। গিনি'র ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আবুবাকার সোমপারে সোমবার মধ্যরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, "আপনাদেরকে এই মহা দুঃসংবাদ জানানোর কঠিন এবং গুরুদায়িত্ব আমার ওপর বর্তেছে যে, দীর্ঘদিন অসুস্থতার পর গিনি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জেনারেল লানসানা কোন্তে (সোমবার) সন্ধ্যা ১৮৪৫ মিনিটে মারা গেছেন।" স্পিকার সোমপারে ওই বার্তায় প্রেসিডেন্ট কোন্তের প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। স্পিকারের এ টেলিভিশন ভাষণের সময় প্রধানমন্ত্রী আহমেদ তিদানি সোয়ারে এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ডায়ারা কামারা তার সঙ্গে ছিলেন। স্পিকার সোমপারে একইসঙ্গে গিনির সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবিধানিক নিয়ম অনুসারে তাকে ৬০ দিনের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করতে। এই ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে গিনির সংবিধানে। ১৯৮৪ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে গিনির ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল লানসানা কোন্তে। দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর পরবর্তী তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এবং গত ২৪ বছর ধরে অত্যন্ত কঠোর হাতে দেশ শাসন করেন কোন্তে। দেশে এবং দেশের বাইরে গিনির লৌহমানব হিসেবে পরিচিত ছিলেন জেনারেল কোন্তে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমডি/১২১৮ ঘ.