২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরিন এবাদির অফিস বন্ধ করে দিয়েছে পুলিশ

শান্তিতে নোবেল বিজয়ী ইরানি মানবাধিকার নেত্রী শিরিন এবাদি পরিচালিত 'হিউম্যান রাইটস ডিফেন্ডারস সেন্টার' এর কার্যালয়ে আকস্মিক তল্লাশি অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 06:47 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

তেহরান, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শান্তিতে নোবেল বিজয়ী ইরানি মানবাধিকার নেত্রী শিরিন এবাদি পরিচালিত 'হিউম্যান রাইটস ডিফেন্ডারস সেন্টার' এর কার্যালয়ে আকস্মিক তল্লাশি অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ইরানের রাজধানী তেহরানে রোববার এ ঘটনা ঘটে। মানবাধিকার প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের কর্মসূচীর আগে ওই অভিযান চালানো হল। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, "বেআইনি" কাজে জড়িত থাকার কারণে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর এক প্রতিবেদনে জানিয়েছে, "বেআইনি কাজে জড়িত থাকার জন্য তেহরানের কৌঁসুলিরা হিউম্যান রাইটস ডিফেন্ডারস সেন্টার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।" ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, "সংস্থাটি অনুমতি ছাড়াই একটি (রাজনৈতিক) দলের মতো কাজ করতো। এছাড়া সংস্থাটির স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে বেআইনি যোগাযোগ রয়েছে এবং এরা সংবাদ সম্মেলন ও সেমিনারের আয়োজন করে থাকে।" শিরিন এবাদি এই অভিযানের সমালোচনা করে বলেছেন, তারা কোনো অবস্থাতেই ইরানে মানবাধিকার রক্ষার কার্যক্রম বন্ধ করবে না। এবাদি রয়টার্সকে বলেন, "কোনো ধরনের পরোয়ানা ছাড়া কার্যালয় বন্ধ করে দেওয়া বেআইনি। আমরা এর প্রতিবাদ করব। আর এটা আমাদের অধিকার আন্দোলন থেকে সরাতে পারবে না।" সংস্থাটির উপপ্রধান নারগিস মোহাম্মাদি জানান, কোনো ধরনের পরোয়ানা না দেখিয়েই বেশ কয়েকজন পুলিশ এবং সাদা পোশাকের নিরাপত্তা এজেন্টরা সেন্টারের ভেতরে প্রবেশ করে। মোহাম্মাদি বলেন, "পরোয়ানা দেখতে চাইলে একজন পুলিশ বলেন সে পরোয়ানা দেখাতে বাধ্য নয় কেননা সে পুলিশের পোশাক পরিহিত আছে।" তিনি জানান, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হলেও তারা এখন দিবসটি পালনের উদ্যোগ নিচ্ছিলেন। তাদের কর্মসূচীর ঠিক চার ঘণ্টা আগে এ অভিযান চালানো হয়। এর আগে বুধবার এবাদি জেনেভায় জাতিসংঘ ফোরামে এক বক্তৃতায় বলেন, বিশ্বের কমিউনিস্ট এবং কিছু মুসলিম দেশের নেতারা মানবাধিকার লঙ্ঘন করছেন। শিরিন এবাদিকে বিভিন্ন সময়ে কারাদণ্ড ভোগ করতে হয়েছে এবং তার কার্যক্রম বন্ধের জন্য বহুবার চিঠি ও টেলিফোনে হুমকিও দেওয়া হয়েছে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৩৭ ঘ.