২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থনার মধ্য দিয়ে মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেল আবার চালু

বিভিন্ন ধর্মের অনুসারীদের প্রার্থনা এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে রোববার থেকে আবার চালু হয়েছে মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেল। গত মাসে মুম্বাইয়ে হোটেল ট্রাইডেন্টসহ দুটি পাঁচতারকা হোটেল ও আরও কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হয় ১৭৯ জন। সন্ত্রাসীদের হামলা এবং কমান্ডোদের সঙ্গে তাদের যুদ্ধে হোটেলটির ব্যপক ক্ষয়ক্ষতি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মুম্বাই, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিভিন্ন ধর্মের অনুসারীদের প্রার্থনা এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে রোববার থেকে আবার চালু হয়েছে মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেল। গত মাসে মুম্বাইয়ে হোটেল ট্রাইডেন্টসহ দুটি পাঁচতারকা হোটেল ও আরও কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হয় ১৭৯ জন। সন্ত্রাসীদের হামলা এবং কমান্ডোদের সঙ্গে তাদের যুদ্ধে হোটেলটির ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার প্রায় তিন সপ্তাহ পর রোববার হোটেল লবিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও ইহুদি ধর্মের অনুসারীদের প্রার্থনার পর খুলে দেওয়া হয় হোটেলের ৫৫০ কক্ষ, তিনটি রেস্তরাঁ এবং বার। হোটেলে প্রবেশের সময় সব অতিথির হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। কিন্তু এরপর তাদেরকে যেতে হচ্ছিল কড়া নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে। ট্রাইডেন্ট হোটেলের প্রেসিডেন্ট রতন কেশোয়ানি জানান, ট্রাইডেন্ট সংলগ্ন ওবেরয় হোটেলটি এখনও বন্ধ রয়েছে। ওবেরয় হোটেলের ক্ষয়ক্ষতির হিসাব এখনও চলছে এবং এটি চালু হতে ৬-৭ মাস লেগে যেতে পারে। নভেম্বরের ২৬ থেকে ২৯ তারিখের সন্ত্রাসী হামলা এবং তৎপরবর্তী সংঘর্ষে ট্রাইডেন্ট হোটেলে নিহত হয়েছিল অতিথি এবং স্টাফসহ ৩২ জন। হোটেলের ফ্রাঙ্গিপানি রেস্তরাঁয় নিয়মিত আসতেন রেশমি মেহরা। ২৬ তারিখের হামলায় এখানে নিহত হয়েছিল তার এক বন্ধু। রেশমি বলেন, "সেই দুঃসহ স্মৃতি মনে পড়লে খুবই খারাপ লাগে। তবে হোটেলটি যে আবার চালু হল তাতে আমরা খুশি।" তিনি আরও বলেন, "আমরা খুঁজছি মধ্যহ্নভোজের জন্য একটি টেবিল পাওয়া যায় কি-না। কেননা আমাদের বলা হয়েছে, সব আসন আগেই বরাদ্দ হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.