২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নতুন ৩০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আগামী গ্রীষ্ম নাগাদ আফগানিস্তানে অতিরিক্ত ২০ হাজার থেকে ৩০ হাজার সেনা পাঠাচ্ছে। এতে করে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 06:34 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

কাবুল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র আগামী গ্রীষ্ম নাগাদ আফগানিস্তানে অতিরিক্ত ২০ হাজার থেকে ৩০ হাজার সেনা পাঠাচ্ছে। এতে করে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান শনিবার একথা জানিয়েছেন। ওয়াশিংটন ইতোমধ্যেই জানুয়ারিতে ৩ হাজার অতিরিক্ত সেনা এবং পরবর্তীতে আরও ২,৮০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কর্মকর্তারা আগে জানিয়েছিরেন, আগামী ১২ থেকে ১৮ মাসে ২০ হাজারের মতো সেনা পাঠানো হতে পারে। এডমিরাল মাইক মুলেন কাবুলে সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান বিদ্রোহের বিরুদ্ধে লড়তে আগামী বছরের মাঝামাঝি নাগাদ সেখানে সেনা সংখ্যা দ্বিগুণ করার এই পরিকল্পনা নেওয়া হয়েছে। বিবিসি একথা জানিয়েছে। আফগানিস্তানে বর্তমানে ৩১ হাজার সেনা রয়েছে। জানুয়ারিতে সেনা পাঠানোর পরবর্তী সময়ে বাকী সেনাদের গোলযোগপূর্ণ দক্ষিণ আফগানিস্তানে পাঠানো হবে। এ অঞ্চলে গত দুবছরে তালেবানদের সঙ্গে লড়াইয়ে বহু সেনা হতাহতের ঘটনা ঘটেছে। মুলেন বলেন, "সবচে কঠিন লড়াইটা এখানেই। এখানে অতিরিক্ত সেনা মোতায়েন হলে সহিংসতার মাত্রা বাড়বে এবং কঠিন লড়াই চলবে বলে আমি মনে করি।" ইরাক থেকে সেনা প্রত্যাহার পরিকল্পনার সঙ্গে আফগানিস্তানে সেনা বৃদ্ধির যোগ আছে বলে জানান মুলেন। তিনি বলেন , আগামী বছর ইরাক থেকে সেনা কমানোর সম্ভাবনা বেড়ে যাওয়াতেই আফগানিস্তানে সেনা বাড়ানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১৬ ঘ.